খাবার না রাসায়নিক? রেখা পাত্রের অসুস্থতার আসল কারণ ঘিরে তুঙ্গে জল্পনা, কী জানাল পরিবার?

বিজেপি বিধায়ক রেখা পাত্রের অসুস্থতাকে কেন্দ্র করে ক্রমশ বাড়ছে উদ্বেগ ও জল্পনা। প্রাথমিকভাবে তাঁর শরীরে বিষক্রিয়ার আশঙ্কা করা হলেও, ঠিক কী কারণে হিঙ্গলগঞ্জের এই বিধায়ক অসুস্থ হয়ে পড়েছেন, তা এখনও স্পষ্ট নয়। বর্তমানে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।
এই ঘটনায় মুখ খুলেছেন রেখা পাত্রের দিদি রেবা নস্কর। তাঁর কথায়, কেউ তাঁর বোনের ক্ষতি করুক, তা পরিবার কখনও চাইবে না। পাশাপাশি, অসুস্থতার প্রকৃত কারণ সামনে আনতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তিনি। ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি তুলেছে পরিবার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। শুরু হয় লাগাতার বমি। প্রথমে তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে তাঁকে কলকাতার রবীন্দ্রনাথ টেগর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় তাঁকে স্যালাইন দেওয়া হয়েছে। দিদি রেবা নস্করের দাবি, চিকিৎসায় সাড়া দিচ্ছেন রেখা পাত্র এবং তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনও তিনি পুরোপুরি বিপদমুক্ত নন বলে পরিবার সূত্রে খবর।
খাবারের মাধ্যমে কোনও বিষাক্ত পদার্থ শরীরে প্রবেশ করেছিল কি না, নাকি কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিকের সংস্পর্শে এসেছিলেন, তা নিয়ে নানা প্রশ্ন উঠছে। যদিও বিষক্রিয়ার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
অন্যদিকে, সন্দেশখালির প্রতিবাদী মুখ পিয়ালী দাসও রেখা পাত্রের দ্রুত আরোগ্য কামনা করেছেন। গোটা ঘটনায় এখন অসুস্থতার আসল কারণ উদঘাটন এবং পরিবারের দাবি অনুযায়ী নিরপেক্ষ তদন্তের দিকেই তাকিয়ে সকলে।