জানুয়ারি থেকেই বদলে যাচ্ছে বিদ্যুৎ বিলের নিয়ম! মধ্যবিত্তকে বড় স্বস্তি দিয়ে বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর

আগামী জানুয়ারি মাস থেকেই রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকায় ত্রৈমাসিক বিলের পরিবর্তে প্রতি মাসে মিটার রিডিং নিয়ে বিদ্যুৎ বিল দেওয়া হবে। সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এর পাশাপাশি চাহিদা সামাল দিতে আগামী ডিসেম্বর মাস থেকেই রাজ্য সরকারকে বাইরে থেকে বিদ্যুৎ কিনতে হবে বলেও জানিয়েছেন তিনি। শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পাওয়াতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।

দীর্ঘদিনের প্রথার অবসান ও মধ্যবিত্তের স্বস্তি

মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী জানান, সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি ও আবেদনকে মান্যতা দিয়েই এই নীতিগত পরিবর্তন আনা হয়েছে। এতদিন কলকাতা, দুই ২৪ পরগনা, হাওড়া এবং হুগলির একাংশে সিইএসসি গ্রাহকেরা প্রতি মাসে বিল পেলেও, রাজ্যের বাকি বিস্তীর্ণ অংশে রাজ্য বিদ্যুৎ পর্ষদের গ্রাহকদের তিন মাস অন্তর একসঙ্গে বিল মেটাতে হতো।

নতুন নিয়ম চালু হলে একসঙ্গে তিন মাসের মোটা অঙ্কের বিল পরিশোধের চাপ কমবে। প্রশাসনের মতে, মাসিক বিলিং ব্যবস্থা চালু হওয়ায় বিশেষ করে মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলির মাসিক বাজেট সামাল দেওয়া অনেক সহজ হবে। উল্লেখ্য, বাম আমল থেকেই তিন মাস অন্তর বিল পাঠানোর রীতি চলে আসছিল। পূর্ববর্তী সরকারের আমলে স্মার্ট মিটার বসিয়ে মাসিক বিলের উদ্যোগ নেওয়া হলেও সাধারণ মানুষের আপত্তিতে তা আটকে যায়। তবে দায়িত্ব গ্রহণের সাত মাসের মধ্যেই দীর্ঘদিনের সেই দাবি পূরণ করল বর্তমান সরকার।

শিল্পের চাহিদা মেটাতে বিদ্যুৎ কিনবে রাজ্য

রাজ্যের সামগ্রিক বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী দাবি করেন, গত ছয় মাসে রাজ্যে শিল্প ও বাণিজ্যিক কর্মকাণ্ডে বিদ্যুতের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তাঁর কথায়, আগে রাজ্যে উদ্বৃত্ত বিদ্যুৎ থাকলেও বর্তমান পরিস্থিতিতে অতিরিক্ত বিদ্যুতের প্রয়োজন দেখা দিয়েছে। সেই ঘাটতি মেটাতেই গ্লোবাল ও ওপেন টেন্ডারের মাধ্যমে আগামী ডিসেম্বর মাস থেকে বাইরে থেকে বিদ্যুৎ কেনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

Pratik Saha
  • Pratik Saha