আট বছরের পুরনো মানহানির মামলায় ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা!

আট বছরের পুরনো একটি অপরাধমূলক মানহানির মামলায় ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা (এনবিডব্লিউ) জারি করল দিল্লির সাকেত আদালত। বারবার সমন পাঠানো সত্ত্বেও আদালতে হাজিরা না দেওয়ায় এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে গত ১৭ অক্টোবর তাঁর বিরুদ্ধে জামিনযোগ্য পরোয়ানা জারি করা হলেও তা কার্যকর করা যায়নি। আগামী ৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আদালত।
কী নিয়ে মামলার সূত্রপাত?
২০১৮ সালের মে মাসে ধ্রুব রাঠির আপলোড করা একটি ভিডিওকে কেন্দ্র করে বিকাশ সাংকৃত্যায়ন (যিনি বিকাশ পান্ডে নামেও পরিচিত) এই মানহানির মামলা দায়ের করেন। ওই ভিডিওতে রাঠি দাবি করেছিলেন, তাঁকে বদনাম করার জন্য বিজেপির আইটি সেল পান্ডেকে ঘুষ দেওয়ার চেষ্টা করেছিল। ভিডিওটি পরে রাঠির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করা হয় এবং দিল্লির তৎকালীন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল সেটি রিটুইট করেন। এরপরই ওই ভিডিওর অভিযোগ ও তা ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে রাঠি ও কেজরিওয়াল— দু’জনের বিরুদ্ধেই অপরাধমূলক মানহানির মামলা রুজু করেন পান্ডে।
সমন না পৌঁছানোর কারণ ও আগের পদক্ষেপ
২০১৯ সালের জুলাই মাসে প্রথমবার রাঠিকে তলব করেছিল আদালত। তবে গত কয়েক বছর ধরে বারবার চেষ্টা সত্ত্বেও তাঁকে সমন পাঠানোর প্রক্রিয়া সফল হয়নি বলে জানা গিয়েছে। আগের একটি শুনানিতে আদালতকে জানানো হয়েছিল, গুরগাঁওয়ে রাঠির বাড়িতে সমন দিতে গিয়ে দেখা যায় বাড়িটি তালাবন্ধ।
অভিযোগকারী দ্রুত আইনি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার আবেদন জানান এবং দাবি করেন, ধ্রুব মূলত বিদেশে বসবাস করেন বলেই সমন পাঠানোর চেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে। সমন জারি সহজ করতে আদালত অভিযোগকারীকেও সংশ্লিষ্ট আধিকারিকের সঙ্গে যাওয়ার অনুমতি দিয়েছিল।
পরবর্তী শুনানি ৩ ডিসেম্বর
জামিনযোগ্য পরোয়ানা কার্যকর না হওয়ায় এবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল সাকেত আদালত। আগামী ৩ ডিসেম্বর এই মামলার পরবর্তী শুনানিতে কী নির্দেশ আসে, সেদিকেই নজর রয়েছে সংশ্লিষ্ট মহলের।