হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করেন? হ্যাক হতে পারে চ্যাট ও কন্ট্যাক্ট, কেন্দ্রের কড়া সতর্কতা!

হোয়াটসঅ্যাপের ওয়েব ভার্সন ব্যবহারকারীদের জন্য কড়া সতর্কবার্তা জারি করল কেন্দ্র। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ সংস্থা ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (আইফোরসি)-এর ন্যাশনাল সাইবারক্রাইম থ্রেট অ্যানালিটিক্স ইউনিট জানিয়েছে, নির্দিষ্ট পরিস্থিতিতে অনুমোদিত হোয়াটসঅ্যাপ ওয়েব সেশনের অপব্যবহার করে অ্যাকাউন্টে অনধিকার প্রবেশ ঘটানো সম্ভব। এর ফলে ব্যবহারকারীর ব্যক্তিগত চ্যাট ফাঁস হওয়া থেকে শুরু করে বড়সড় সাইবার প্রতারণার ঝুঁকি তৈরি হতে পারে।
কী কী বিপদ হতে পারে?
সতর্কবার্তায় বলা হয়েছে, ওয়েব সেশনের সুযোগ নিয়ে সাইবার অপরাধীরা ব্যবহারকারীর মেসেজ পড়ে ফেলতে পারে। এমনকি ব্যবহারকারীর ছদ্মবেশ ধরে বা তাঁর পরিচয় ব্যবহার করে অন্যকে মেসেজ পাঠানোর পাশাপাশি কন্ট্যাক্ট লিস্ট এবং গ্রুপ চ্যাটও হাতাতে পারে অপরাধীরা।
এই সুযোগ কাজে লাগিয়ে অ্যাকাউন্টের মালিকের পরিচিত মহলকে টার্গেট করে আর্থিক প্রতারণা, ফিশিং বা সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ের মতো অপরাধ চালানো হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
কোন ডিভাইসে বাড়তি সতর্কতা?
অফিসের কম্পিউটার, শেয়ার্ড সিস্টেম, পাবলিক কম্পিউটার বা অন্য কারও নাগালের মধ্যে থাকা ডিভাইসে হোয়াটসঅ্যাপ ওয়েব ব্যবহার করার ক্ষেত্রে বাড়তি সতর্কতা নিতে বলা হয়েছে।
কেন্দ্রের পরামর্শ ও করণীয়
নিরাপদ থাকতে আইফোরসি ও এনসিটিএইউ-এর পক্ষ থেকে বেশ কিছু নিয়ম মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে:
ওয়েব সেশনের মাধ্যমে সরকারি, প্রাতিষ্ঠানিক, আর্থিক, গোপনীয় বা স্পর্শকাতর তথ্য আদানপ্রদান না করাই ভালো।
কাজ না থাকলে লগ ইন অবস্থায় সেশন সক্রিয় ফেলে রাখবেন না, বিশেষ করে শেয়ার্ড বা অফিসের কম্পিউটারে।
কাজ শেষ হওয়ার পর প্রতিটি সেশন থেকে অবশ্যই লগ আউট করুন।