‘শুধু গোমাংসের কথাই বুঝিয়েছিলেন!’ মোদীর স্লোগান ধরে শশী থারুরের তীব্র কটাক্ষ, তুঙ্গে বিতর্ক

কর্পোরেট সংস্থাগুলির ভূমিকা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাম্প্রতিক মন্তব্যের সঙ্গে সহমত প্রকাশ করলেন কংগ্রেস সাংসদ শশী থারুর। করছাড় পাওয়ার পরেও বেসরকারি সংস্থাগুলি কর্মসংস্থান বাড়ানো ও কর্মীদের বেতন বৃদ্ধিতে যথেষ্ট উদ্যোগী হয়নি বলে যে মন্তব্য মোদী করেছিলেন, থারুরের মতে তা বাস্তব পরিস্থিতিরই প্রতিফলন। তবে একই সঙ্গে দুর্নীতি, ব্যবসার পরিবেশ এবং কর্মসংস্থানের সংকট নিয়ে কেন্দ্র ও প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন তিনি।
‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’ নিয়ে খোঁচা
তিরুবনন্তপুরমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুর্নীতির প্রসঙ্গ টেনে আনেন থারুর। তাঁর দাবি, একাধিক ব্যবসায়ীর সঙ্গে কথা বলে তিনি জেনেছেন যে দেশে দুর্নীতির পরিস্থিতি আগের তুলনায় খারাপ হয়েছে। এই প্রেক্ষিতেই প্রধানমন্ত্রীর পুরনো স্লোগান নিয়ে কটাক্ষ করেন কংগ্রেস সাংসদ। থারুর বলেন, “প্রধানমন্ত্রী বিখ্যাতভাবে বলেছিলেন, ‘না খাউঙ্গা, না খানে দুঙ্গা’। এখন আমরা বুঝতে পারছি, তিনি শুধু গোমাংসের কথাই বোঝাতে চেয়েছিলেন।”
কর্মসংস্থান ও ব্যবসার পরিবেশ নিয়ে প্রশ্ন
দেশের কর্মসংস্থান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে থারুর জানান, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা তরুণ-তরুণীদের চাকরি পাওয়া কঠিন হয়ে উঠেছে। এমনকী আইআইটি-র মতো প্রতিষ্ঠানের পড়ুয়াদেরও চাকরি না পাওয়ার ঘটনা সামনে আসছে বলে দাবি করেন তিনি, যা অতীতে খুব একটা দেখা যেত না।
‘ইজ অফ ডুয়িং বিজনেস’ বা ব্যবসা করার পরিবেশ সহজ হওয়ার সরকারি দাবি নিয়েও সংশয় প্রকাশ করেছেন থারুর। তাঁর বক্তব্য, ব্যবসায়িক ক্ষেত্রে এখনও নানা জটিল নিয়মকানুন রয়ে গিয়েছে এবং সেগুলি আরও সরল করা জরুরি।
কর্পোরেটদের নিয়ে মোদীর বক্তব্যের পটভূমি
উল্লেখ্য, গত ১৯ নভেম্বর নয়াদিল্লিতে ফিকি-র একটি অনুষ্ঠানে কর্পোরেট সংস্থাগুলির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করছাড় ও বিভিন্ন সুবিধা দেওয়া সত্ত্বেও সংস্থাগুলি কর্মীদের বেতন বাড়ানো বা নতুন নিয়োগে কতটা পদক্ষেপ করেছে, তা নিয়ে ব্যবসায়ীদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন তিনি। মোদীর বক্তব্য ছিল, একা সরকারের পক্ষে কর্মসংস্থান বাড়ানো সম্ভব নয়; বেসরকারি সংস্থাগুলিকেও দায়িত্ব নিতে হবে। মোদীর সেই বক্তব্যের পর এবার থারুরের এই মন্তব্য নতুন করে রাজনৈতিক চর্চা উসকে দিল।