চাকরির পরীক্ষায় ফি শূন্য, ১০ হাজারের বেশি পদে নিয়োগ! শুভেন্দুর বড় সিদ্ধান্তে স্বস্তি বেকারদের?

রাজ্যের সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি শূন্য করার সিদ্ধান্তে চূড়ান্ত সিলমোহর দিল রাজ্য মন্ত্রিসভা। পাশাপাশি বিভিন্ন সরকারি দফতরে মোট ১০,১৪৬টি শূন্যপদে নিয়োগের অনুমোদনও দেওয়া হয়েছে। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দেওয়া পুরনো প্রতিশ্রুতি এবার বাস্তবায়িত হলো বলে দাবি করেছেন তিনি।
আবেদন ফি মকুব ও সভা খরচে সাশ্রয়
নিয়োগ পরীক্ষার ফি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, এতদিন বিভিন্ন নিয়োগ পরীক্ষায় সাধারণ ও সংরক্ষিত শ্রেণির প্রার্থীদের নির্দিষ্ট অঙ্কের ফি দিতে হতো; যেমন এসএসসি বা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ক্ষেত্রে সাধারণ প্রার্থীদের ৫০০ টাকা এবং এসসি-এসটি প্রার্থীদের ২৫০ টাকা নির্ধারিত ছিল। আজকের পর থেকে যেসব নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে, সেগুলিতে চাকরিপ্রার্থীদের আর কোনও ফি দিতে হবে না— সেই খরচ বহন করবে রাজ্য সরকার। বেকার যুবক-যুবতীদের কাছ থেকে পরীক্ষার ফি নেওয়াকে “অন্যায়” ও “অপরাধ” বলে মন্তব্য করেছেন তিনি।
খরচ সামলানোর ব্যাখ্যা দিতে গিয়ে শুভেন্দু অধিকারী জানান, প্রশাসনিক সভা ও কর্মসূচিতে আগের সরকারের তুলনায় এখন অনেক কম খরচ হচ্ছে। তাঁর দাবি, আগের সরকার ৬৭টি এআরএম করে ৬১১ কোটি টাকা খরচ করেছিল, কিন্তু বর্তমান প্রশাসনে সেই খরচের ২০ শতাংশও ব্যয় হচ্ছে না, এবং পাঁচ দিনের প্রশাসনিক সভা একদিনে সেরে ফেলা হচ্ছে। এই সাশ্রয়ের অর্থ থেকেই উদ্বৃত্ত তৈরি হচ্ছে বলে জানান তিনি।
কোন দফতরে কত শূন্যপদ?
নতুন অনুমোদিত শূন্যপদগুলির মধ্যে সবচেয়ে বেশি নিয়োগ হবে স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরে। মুখ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী, ওই দফতরে ৬৫০ জন সাব-ইন্সপেক্টর, ৮ হাজার জন কনস্টেবল এবং ৬০০ জন ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল (ইএফআর) কর্মী নেওয়া হবে। এ ছাড়া অ্যান্টি-নার্কোটিক শাখা ও সাইবার ক্রাইম শাখাতেও পদ রয়েছে।
পাশাপাশি পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন, পর্যটন এবং নগরোন্নয়ন-সহ একাধিক দফতরে কর্মী নিয়োগ করা হবে। সব ক্ষেত্রেই নির্দিষ্ট নিয়োগকারী সংস্থার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
শিক্ষক নিয়োগ ও সামগ্রিক লক্ষ্য
শিক্ষক নিয়োগ প্রসঙ্গে শুভেন্দু অধিকারী জানান, সুপ্রিম কোর্টের নির্দেশে বাতিল হওয়া প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর পদে নতুন নিয়োগের লিখিত পরীক্ষার ফল ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। আদালত মে মাস পর্যন্ত সময়সীমা দিলেও, আগামী জানুয়ারির মধ্যেই ধাপে ধাপে নিয়োগ প্রক্রিয়ার বড় অংশ সেরে ফেলার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার।
নিয়োগের সামগ্রিক হিসাব তুলে ধরে মুখ্যমন্ত্রী দাবি করেন, পুলিশ এবং সমবায় দফতরে ইতিমধ্যেই ১১ হাজার নিয়োগপত্র দেওয়া হয়েছে এবং আগামী ডিসেম্বরে আরও ১,৩৩১টি পদে নিয়োগের অনুমোদন দেওয়া হবে। ধাপে ধাপে এক লক্ষ সরকারি চাকরি পূরণ করাই সরকারের লক্ষ্য বলে স্পষ্ট করেছেন তিনি।