এক হাজার নতুন বাস আনছে রাজ্য! মায়াপুরের বাস উদ্বোধনে কী বড় ঘোষণা করলেন বিধায়ক?

রাসের আগেই সুখবর। বালুরঘাট থেকে মায়াপুর যাতায়াতের ক্ষেত্রে বড়সড় স্বস্তি মিলল। দীর্ঘদিনের দাবি মেনে এবার বালুরঘাট এনবিএসটিসি (NBSTC) ডিপো থেকে সরাসরি মায়াপুর পর্যন্ত বাস পরিষেবা চালু করল নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন। নতুন এই পরিষেবার ফলে কম খরচে ও সহজে মায়াপুর পৌঁছতে পারবেন জেলার বাসিন্দা এবং তীর্থযাত্রীরা। বাস পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়।

নির্ধারিত সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৮টা ৩০ মিনিটে বালুরঘাট থেকে বাসটি ছাড়বে। ২১টি স্টপেজ অতিক্রম করে বিকেল ৫টার মধ্যে বাসটি মায়াপুরে পৌঁছবে বলে জানানো হয়েছে। পরদিন সকাল ৭টায় মায়াপুর থেকে বাসটি আবার বালুরঘাটের উদ্দেশে রওনা দেবে। এই রুটে যাত্রীপিছু ভাড়া ধার্য করা হয়েছে ২৬৫ টাকা।

তবে এই পরিষেবার অন্যতম বড় আকর্ষণ মহিলাদের জন্য বিনামূল্যে যাতায়াতের সুযোগ। বিধায়ক জানিয়েছেন, অরিজিনাল আধার কার্ড দেখিয়ে মহিলারা সম্পূর্ণ বিনামূল্যে এই বাসে যাতায়াত করতে পারবেন। এর ফলে মহিলা তীর্থযাত্রীদের কাছে এই বাস পরিষেবা বিশেষভাবে উপযোগী ও সুবিধাজনক হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের পরিবহণ ব্যবস্থার উন্নয়নের প্রসঙ্গও তুলে ধরেন বিধায়ক বিদ্যুৎ কুমার রায়। তিনি জানান, রাজ্য সরকার নতুন করে এক হাজার বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে এবং ইতিমধ্যেই ৪৩৫টি নতুন বাস চলে এসেছে। পাশাপাশি পরিবেশ দূষণ কমাতে সিএনজি (CNG) বাস চালুর উপরেও জোর দেওয়া হচ্ছে। বিভিন্ন রুটে নতুন বাস নামিয়ে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

বালুরঘাট থেকে মায়াপুর সরাসরি বাস চালু হওয়ায় দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা অনেকটাই মিটবে বলে আশাবাদী জেলার বাসিন্দারা। বিশেষ করে মাত্র ২৬৫ টাকা ভাড়ায় সরাসরি মায়াপুর পৌঁছনোর সুযোগ এবং মহিলাদের বিনামূল্যে যাতায়াতের সুবিধা এই নতুন পরিষেবাকে আরও আকর্ষণীয় করে তুলেছে।