নিজের বাড়িতেই অশান্তি? ৮৫ বছরের বৃদ্ধের মামলায় ছেলে-বৌমাকে উচ্ছেদের কড়া নির্দেশ হাইকোর্টের!

বৃদ্ধ বয়সে নিজের বাড়িতেই শান্তিতে থাকতে চান সকলেই। কিন্তু সেই বাড়িতে যদি সন্তান ও পুত্রবধূর সঙ্গে সম্পর্কের তিক্ততা এমন জায়গায় পৌঁছয় যে প্রতিনিয়ত অশান্তি আর হয়রানির মুখে পড়তে হয়, তাহলে কি তাঁদের জোর করে একসঙ্গে থাকতে হবে? এর স্পষ্ট জবাব দিল দিল্লি হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, ইচ্ছের বিরুদ্ধে সন্তানদের সঙ্গে একই বাড়িতে থাকতে বাধ্য নন প্রবীণ বাবা-মা। ৮৫ বছর বয়সি এক বৃদ্ধের মামলায় আদালত জানিয়ে দিল, নিজের বাড়িতে শান্তিতে ও মর্যাদার সঙ্গে থাকার অধিকার তাঁর রয়েছে। সেই অধিকার রক্ষায় প্রয়োজনে সন্তান ও পুত্রবধূকে বাড়ি থেকে উচ্ছেদও করা যেতে পারে।
হাইকোর্টের বিচারপতি অমিত মহাজন বলেন, ৮৫ বছর বয়সে আবেদনকারীর নিজের বাড়িতে শান্তিতে ও সম্মানের সঙ্গে বসবাস করার অধিকার রয়েছে। এই মামলায় বৃদ্ধের স্ব-অর্জিত সম্পত্তি থেকে তাঁর বড় ছেলে ও পুত্রবধূকে উচ্ছেদের নির্দেশ দিয়েছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে তাঁদের বাড়ি খালি করতে হবে। একই সঙ্গে জেলা ম্যাজিস্ট্রেট এবং ডিভিশনাল কমিশনারের আগের নির্দেশও খারিজ করেছে হাইকোর্ট।
মামলাকারী বৃদ্ধের দাবি, ১৯৮০ সালে দিল্লি ডেভেলপমেন্ট অথরিটি (DDA) থেকে ওই সম্পত্তি পেয়েছিলেন তিনি। ২০০০ সালে সেটিকে ফ্রিহোল্ড করেন। ২০০৩ সালে বিয়ের পর থেকে বড় ছেলে ও পুত্রবধূ সেখানে থাকতে শুরু করেন। কিন্তু পরবর্তী সময়ে তাঁদের আচরণে সমস্যা তৈরি হয়। বাড়ি ছেড়ে অন্যত্র থাকার ব্যবস্থা করতে বললেও তাঁরা রাজি হননি; উল্টে বৃদ্ধকে হয়রানি করা শুরু করেন বলে অভিযোগ। ২০২০ সালের নভেম্বরে স্ত্রীর মৃত্যুর পর পরিস্থিতি আরও খারাপ হয় বলে দাবি তাঁর। ২০২২ সালের সেপ্টেম্বরে তাঁকে হুমকি দেওয়া এবং তাঁর ছোট ছেলেকে মারধরের অভিযোগ তুলে পুলিশের দ্বারস্থও হন বৃদ্ধ।
এরপর ২০০৭ সালের মেন্টেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার অফ পেরেন্টস অ্যান্ড সিনিয়র সিটিজেনস আইনে বাড়ি থেকে ছেলে ও পুত্রবধূকে উচ্ছেদের আবেদন করেন তিনি। কিন্তু জেলা ম্যাজিস্ট্রেট সেই আবেদন খারিজ করে দেন। অভিযোগের পক্ষে যথেষ্ট প্রমাণ নেই এবং বিষয়টি মূলত পারিবারিক ও সম্পত্তি সংক্রান্ত বিবাদ বলে জানানো হয়। ডিভিশনাল কমিশনারও সেই সিদ্ধান্ত বহাল রাখেন। অন্যদিকে, বড় ছেলের দাবি ছিল, এটি মূলত ভাইদের মধ্যে ব্যবসায়িক বিবাদ। তাঁরা বাবার দেখভাল করেছেন এবং মাসে ১৫ হাজার টাকা ভরণপষণ দেওয়ার প্রস্তাবও দিয়েছিলেন।
তবে হাইকোর্ট জানায়, নিজের সম্পত্তি থেকে সন্তানদের সরাতে প্রবীণ নাগরিককে সবসময় দুর্ব্যবহার বা ভরণপোষণ না পাওয়ার প্রমাণ দিতে হবে, এমন নয়। নিজের বাড়িতে নিরাপদে, শান্তিতে এবং মর্যাদার সঙ্গে থাকার অধিকারও যথেষ্ট গুরুত্বপূর্ণ। বিচারপতির পর্যবেক্ষণ, বাড়ির চার দেওয়ালের মধ্যে হওয়া অত্যাচারের ক্ষেত্রে স্বাধীন প্রমাণ জোগাড় করা কঠিন। তাই এ ধরনের মামলায় দেওয়ানি বা ফৌজদারি বিচারের মতো কঠোর প্রমাণের শর্ত চাপানো যায় না। প্রয়োজনে আদালতের নির্দেশ কার্যকর করতে সংশ্লিষ্ট থানার স্টেশন হাউস অফিসারকে (SHO) প্রয়োজনীয় সাহায্য করার নির্দেশও দিয়েছে হাইকোর্ট।