২৬ ফেব্রুয়ারি পর্যন্ত স্বস্তি অভিষেকের! একাধিক এফআইআরে রক্ষাকবচের মেয়াদ বাড়াল হাইকোর্ট

সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ ফের বাড়াল কলকাতা হাইকোর্ট। গত ২৫ অগস্ট ও ৭ সেপ্টেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআরের ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন রক্ষাকবচ দিয়েছিলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। আগে ৩০ নভেম্বর পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ না করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। এবার সেই সুরক্ষাকবচের মেয়াদ বাড়িয়ে আগামী বছরের ২৬ ফেব্রুয়ারি অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল রাখার নির্দেশ দিয়েছে আদালত।

সোমবার শুনানিতে বিচারপতি জানিয়েছেন, রাজ্যের জমা দেওয়া রিপোর্ট অনুযায়ী সংশ্লিষ্ট মামলাগুলির তদন্ত এখনও চলছে। পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায় তদন্ত প্রক্রিয়ায় সহযোগিতা করছেন বলেও উল্লেখ করা হয়েছে। তদন্তে তাঁর সহযোগিতার বিষয়টি বিবেচনায় নিয়েই আপাতত অন্তর্বর্তীকালীন রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট। তবে নির্দেশে স্পষ্ট করা হয়েছে যে এই সুরক্ষাকবচ বজায় রাখতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তে পূর্ণ সহযোগিতা চালিয়ে যেতে হবে।

বিচারপতি এদিন জানান, ভবানীপুর, বিষ্ণুপুর ও কালীতলা আসুতি থানায় দায়ের হওয়া এফআইআরে গত ২৫ অগস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রক্ষাকবচ দেওয়া হয়েছিল। এর পাশাপাশি গত ৭ সেপ্টেম্বর বিষ্ণুপুর থানার দু’টি এফআইআর এবং রবীন্দ্রনগর থানার একটি এফআইআরেও তাঁকে রক্ষাকবচ দিয়েছিল আদালত। নতুন নির্দেশ অনুযায়ী, এই সবকটি এফআইআরের ক্ষেত্রেই আগামী ২৬ ফেব্রুয়ারি বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করা যাবে না।

উল্লেখ্য, বিষ্ণুপুর থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়-১ এবং সেবাশ্রয়-২ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এফআইআর দায়ের হয়েছিল। এ ছাড়া আমফান ত্রাণের অর্থ এবং মাটি পাচারের অভিযোগেও পৃথক মামলা রুজু হয়েছিল বলে জানা গিয়েছে। এই সমস্ত এফআইআর খারিজ করার আর্জি এবং রক্ষাকবচের আবেদন জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।