গুনগুনও করেন না রশ্মিকা! তবে কি এম এস সুব্বুলক্ষ্মীর বায়োপিকে বড় চ্যালেঞ্জ নিচ্ছেন অভিনেত্রী?

অভিনয়ের প্রয়োজনে কখনও নতুন ভাষা রপ্ত করা, কখনও আবার শারীরিক গঠনে পরিবর্তন আনা—এসবই এখন তারকাদের কাজের অংশ। তবে এবার একেবারে ভিন্ন ধরনের চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়েছেন রশ্মিকা মন্দানা। কিংবদন্তি কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতশিল্পী এম এস সুব্বুলক্ষ্মীর বায়োপিকে অভিনয় করতে চলেছেন তিনি, আর সেই চরিত্রের জন্যই এবার গান শেখার প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু প্রথমে এই ছবিতে কাজের প্রস্তাব পেয়ে বেশ দ্বিধায় পড়ে গিয়েছিলেন রশ্মিকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এই অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন অভিনেত্রী। রশ্মিকার ভাষায়, গান গাওয়ার অভ্যাস তাঁর কোনও দিনই ছিল না; এমনকি বাড়িতেও কখনও গুনগুন করে গান করেন না তিনি। জীবনের এই দিকটি এতদিন আড়ালেই রেখেছিলেন অভিনেত্রী। তবে এম এস সুব্বুলক্ষ্মীর চরিত্রে অভিনয়ের জন্য এবার সেই অচেনা জগতে পা রাখছেন তিনি।
রশ্মিকা জানান, প্রথমবার যখন তাঁকে এই চরিত্রের প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন তাঁর মনে প্রশ্ন জেগেছিল যে এতটা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বকে পর্দায় ফুটিয়ে তোলার সামর্থ্য তাঁর আছে কি না। এম এস সুব্বুলক্ষ্মীর জীবন ও সঙ্গীতের গুরুত্ব অপরিসীম বলে মনে করেন তিনি। তাঁর মতে, এই অবদান কেবল একটি প্রজন্মের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের কাছেও এই জীবনকাহিনি পৌঁছে দেওয়া দরকার। সেই ভাবনা থেকেই শেষ পর্যন্ত চ্যালেঞ্জটি গ্রহণ করার সিদ্ধান্ত নেন অভিনেত্রী।
রশ্মিকা স্পষ্ট করেছেন যে তিনি কেবল পর্দায় গায়িকার মতো অভিনয় করতে চান না; বরং কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীতের তালিম নিয়ে বিষয়টি যথাযথভাবে শিখতে চান। ধীরে ধীরে সঙ্গীতের জগতের সঙ্গে পরিচিত হচ্ছেন এবং এই নতুন অভিজ্ঞতা নিয়ে যথেষ্ট কৌতূহলীও তিনি।
ছবিটির নাম ‘এম এস – আ লিগ্যাসি অন স্ক্রিন’, যার পরিচালনার দায়িত্বে রয়েছেন গৌতম তিনানুরি এবং সঙ্গীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দর। ছবিটি নিয়ে নির্মাতারা আপাতত বেশ কিছু তথ্য গোপন রাখতে চাইছেন। রশ্মিকাও জানিয়েছেন, এই প্রজেক্টটি পুরো টিমের কাছে অত্যন্ত আবেগের, তাই খুঁটিনাটি প্রকাশ্যে আনার ক্ষেত্রে তাঁরা সতর্ক।
কিংবদন্তি শিল্পীর জীবনকে বড় পর্দায় তুলে ধরার সুযোগ পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করছেন রশ্মিকা; তাঁর অভিনয়ের পাশাপাশি কর্ণাটকী শাস্ত্রীয় সঙ্গীত শেখার এই যাত্রাও যে দর্শকদের কৌতূহল বাড়াবে, তা বলাই যায়।