হাইকোর্টের স্থগিতাদেশের পর এবার সুপ্রিম লড়াই! কলকাতা পুরভোটের ভাগ্য আজ?

শেষ পর্যন্ত কলকাতা পুরসভার ভোট কবে হবে, তা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে উঠেছে। আইনি জটিলতায় আপাতত পুরভোটের ভবিষ্যৎ অনিশ্চিত এবং চলতি বছরে ভোট হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ পেরিয়ে ডিভিশন বেঞ্চের পর এই সংক্রান্ত বিতর্ক এবার গড়িয়েছে সুপ্রিম কোর্টে। সর্বোচ্চ আদালতে কলকাতা পুরভোট সংক্রান্ত জোড়া মামলার শুনানি রয়েছে আজ, সোমবার। এই পরিস্থিতিতে আগেভাগেই সুপ্রিম কোর্টে ক্যাভিয়েট দাখিল করেছে তৃণমূল কংগ্রেস।
পুরো আইনি লড়াইয়ের সূত্রপাত ওয়ার্ড পুনর্বিন্যাস ঘিরে। গত ১১ সেপ্টেম্বর রাজ্য সরকারের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় যে পুনর্বিন্যাসের ফলে কলকাতা পুরসভার ওয়ার্ড সংখ্যা ১৪৪ থেকে বেড়ে ২০৯ করা হচ্ছে। অভিযোগ ওঠে, বেআইনিভাবে এই ওয়ার্ড পুনর্বিন্যাস করা হয়েছে। সেই অভিযোগ তুলেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন সিপিএমের প্রাক্তন কাউন্সিলর দীপু দাস।
মামলার শুনানিতে আগে কলকাতা হাইকোর্ট জানায়, আপাতত পুরভোটের নির্ঘণ্ট ঘোষণা করা যাবে না। ডিভিশন বেঞ্চের এই অন্তর্বর্তী নির্দেশ ও ওয়ার্ড বৃদ্ধি সংক্রান্ত আইনি জটিলতার প্রেক্ষিতেই এখন দেশের শীর্ষ আদালতের দিকে তাকিয়ে সব পক্ষ। আজকের জোড়া শুনানিতে সুপ্রিম কোর্ট কী অবস্থান নেয় এবং কবে পুরভোটের পথ প্রশস্ত হয়, সেদিকেই নজর রয়েছে।