২৬ ফেব্রুয়ারি পর্যন্ত রক্ষাকবচ বাড়ল অভিষেকের! তদন্তকারীর গাছাড়া মনোভাবে তীব্র ক্ষোভ হাইকোর্টের

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ আরও তিন মাস বাড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ এই গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে। আগামী ২৬ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত অভিষেকের রক্ষাকবচের মেয়াদ বহাল থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সুরক্ষা বলবৎ থাকবে বলেও স্পষ্ট করে দিয়েছে বেঞ্চ।

আশুতি (কালীতলা), রবীন্দ্রনগর (২১৩) এবং বিষ্ণুপুরের দুটি এফআইআর—৭৫৩ ও ৮৮৪ নম্বর মামলা—সহ মোট চারটি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই রক্ষাকবচ দেওয়া হয়েছে। তবে শুনানি চলাকালীন চারটি মামলার মধ্যে একটি মামলায় স্ট্যাটাস রিপোর্ট জমা না পড়ায় কড়া ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিশেষ করে বিষ্ণুপুর থানার ৮৮৪ নম্বর এফআইআর মামলায় কেন স্ট্যাটাস রিপোর্ট জমা পড়েনি, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি এবং তদন্তকারী আধিকারিকের (আইও) ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন।

এদিন বিচারপতি প্রশ্ন তোলেন যে তদন্তকারী আধিকারিকের কেন এত গাছাড়া মনোভাব থাকবে। একই থানার একজন তদন্তকারী আধিকারিক রিপোর্ট জমা দিলেও অন্যজন কেন তা দিচ্ছেন না, সেই বিষয়টিও জানতে চান তিনি। এর জবাবে রাজ্যের পক্ষে অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল (এএজি) রাজদীপ মজুমদার আদালতকে জানান যে যোগাযোগের ক্ষেত্রে কিছু ত্রুটি ঘটেছে।

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রক্ষাকবচের মেয়াদ বাড়ানোর বিরোধিতা করেছে রাজ্য সরকার। রাজ্যের তরফে এএজি বিল্বদল ভট্টাচার্য জানান, এই নির্দেশের বিরুদ্ধে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন (এসএলপি) দায়ের করেছে রাজ্য। পাল্টা সওয়ালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী গোপাল শংকরনারায়ণ দাবি করেন যে সুপ্রিম কোর্টে রাজ্য যে এসএলপি দায়ের করেছে, তা ত্রুটিযুক্ত।