বরের বদলে সাধারণ পোশাকে পৌঁছে ব্রেজা খোঁজাখুঁজি! পণের দাবিতে ভেঙে গেল বিয়ে, থানায় অভিযোগ

বিয়ের আসরে পণের দাবিকে কেন্দ্র করে তুমুল অশান্তি ও নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হলো। শেষমেশ অনেককে বসিয়ে রেখেই অনুষ্ঠানস্থল ছেড়ে চলে গেলেন পাত্র। অভিযোগ উঠেছে, পেশায় দিল্লি পুলিশের একজন কনস্টেবল ওই পাত্র মনের মতো গাড়ি না পাওয়ায় বিয়ে ভেঙে দেন।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ২০ নভেম্বর হরিয়ানার সোনিপতের মামচাঁদ ভাটিকায়। কনের বাবা সুভাষ কুমারের অভিযোগ, বর কুলদীপ, যিনি দিল্লি পুলিশে কর্মরত, তাঁর জন্য প্রায় ৯.৫ লক্ষ টাকা মূল্যের হুন্ডাইয়ের একটি গাড়ি বুক করা হয়েছিল। কিন্তু প্রায় ১৩ লক্ষ টাকা দামের একটি মারুতি ব্রেজা গাড়ি দেওয়ার জন্য জোর করতে থাকেন কুলদীপ। কনের পরিবার কুলদীপ ও তাঁর পরিবারের বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়ার দাবিতে পুলিশের দ্বারস্থ হয়েছে। কনের বাবার দাবি, বিয়ের প্রস্তুতিতে ইতিমধ্যেই ২৫ থেকে ৩০ লক্ষ টাকা খরচ হয়ে গিয়েছিল।

অভিযোগ অনুযায়ী, সুভাষ প্রায় ছয় মাস আগে তাঁর মেয়ে হীনার বিয়ে কুলদীপের সঙ্গে ঠিক করেছিলেন এবং ২০ নভেম্বর বিয়ের দিন ধার্য ছিল। সম্বন্ধ চূড়ান্ত হওয়ার পর থেকেই বরের পক্ষ থেকে গাড়ি ও গয়নার দাবি উঠতে শুরু করে বলে অভিযোগ। সুভাষের দাবি, তিনি বরের জন্য প্রায় ৯.৫ লক্ষ টাকার একটি গাড়ি আগেই বুক করেছিলেন। কিন্তু বিয়ের ঠিক একদিন আগে মধ্যস্থতাকারীদের মাধ্যমে জানতে পারেন যে কুলদীপ ওই গাড়িতে সন্তুষ্ট নন এবং পরিবর্তে একটি মারুতি ব্রেজা চান। এরপর পরিবারটি আগের বুকিং বাতিল করে ব্রেজা গাড়ির খোঁজ শুরু করলেও সময়মতো তা জোগাড় করা সম্ভব হয়নি। তাঁর দাবি, কুলদীপের চাওয়া ব্রেজা গাড়িটির দাম প্রায় ১৩ লক্ষ টাকা।

অভিযোগ কেবল গাড়ির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। সুভাষের দাবি, বরের জন্য দুই তোলা সোনার চেন, বরের মায়ের জন্য চার তোলা সোনার কানের দুল এবং রুপোর নুপুরের ব্যবস্থা করতেও রাজি হয়েছিল কনের পরিবার। এমনকি বরের দাদা ও তাঁর স্ত্রীর জন্যও গয়না চাওয়া হয় এবং সেগুলির বরাতও দেওয়া হয়েছিল বলে অভিযোগ। পাশাপাশি প্রায় ১.৩২ লক্ষ টাকার আসবাবপত্র এবং অন্যান্য গৃহস্থালীর সামগ্রীর ব্যবস্থাও করা হয়েছিল।

বিয়ের দিন মামচাঁদ ভাটিকায় প্রায় ১,২০০ অতিথির খাওয়াদাওয়ার আয়োজন করেছিল কনের পরিবার। কিন্তু পুরো বরযাত্রী দল নিয়ে আসার বদলে কুলদীপ নাকি তাঁর মায়ের সাথে সাধারণ পোশাকে সেখানে পৌঁছন এবং ব্রেজা গাড়িটি খুঁজতে শুরু করেন। গাড়ি না পেয়ে দুই পরিবারের মধ্যে বচসা বাধে বলে জানা গিয়েছে। সুভাষের অভিযোগ, কুলদীপ কনের পরিবারের সদস্যদের গালিগালাজ করেন এবং হীনার ভাই সাহিলের সঙ্গেও তর্কাতর্কি হয়। আত্মীয়রা হাতজোড় করে বিয়ের রীতি সারার অনুরোধ করলেও তাঁরা রাজি হননি এবং চলে যান, যখন কনের পোশাকে মণ্ডপে বসে ছিলেন হীনা।

কনের বাবার দাবি, বরের দিক থেকে মাত্র ২০-৩০ জন অতিথি এসেছিলেন এবং বর চলে যাওয়ার পর অনেক অতিথি না খেয়েই ফিরে যান, যা পরিবারটির আর্থিক ক্ষতি ও অপমান আরও বাড়িয়ে দেয়। ঘটনার পর উভয় পক্ষ ডায়াল ১১২-তে খবর দেয় এবং সুভাষ কুলদীপ ও তাঁর পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন।