লাইফ সাপোর্টে হিঙ্গলগঞ্জের বিধায়ক রেখা পাত্র! শরীরে কীভাবে ঢুকল হার্বাল লার্ভিসাইড? তুঙ্গে উদ্বেগ

রাতারাতি শারীরিক অবস্থার চরম অবনতি হওয়ায় শেষ পর্যন্ত লাইফ সাপোর্টে রাখতে হল হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্রকে। শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে প্রথমে বসিরহাটের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে প্রাথমিক চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। রবিবার ভোরে কলকাতায় পৌঁছানোর পরই তাঁকে ভেন্টিলেটরে রেখে চিকিৎসা শুরু করা হয় বলে জানা গিয়েছে।

হাসপাতাল সূত্রে খবর, এখনও পুরোপুরি চেতনা ফেরেনি বিধায়কের। তবে ভেন্টিলেশনে রাখার পর তাঁর বেশ কিছু শারীরিক মাপকাঠিতে সামান্য ইতিবাচক পরিবর্তন দেখা গিয়েছে। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল থাকলেও তাঁকে ঘিরে পরিবারের সদস্য, অনুগামী ও দলের কর্মীদের মধ্যে উদ্বেগ পুরোপুরি কাটেনি।

কীভাবে এমন মারাত্মক বিপর্যয় ঘটল, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা। পরিবার সূত্রে দাবি করা হচ্ছে, কোনওভাবে রেখা পাত্রের শরীরে প্রবেশ করেছে হার্বাল লার্ভিসাইড—যা ভেষজ উপাদানে তৈরি এক ধরনের কীটনাশক। বিষক্রিয়ার আশঙ্কায় বসিরহাট হাসপাতালে পৌঁছানোর পরই দ্রুত একাধিক জরুরি চিকিৎসা শুরু করেন চিকিৎসকরা। তাঁকে ছ’টি চারকোল ট্যাবলেট দেওয়া হয় এবং প্রয়োগ করা হয় অ্যাট্রোপাইন ও প্রালিডক্সাইম। পাশাপাশি নাক দিয়ে বিশেষ নল প্রবেশ করিয়ে পাকস্থলী বা শরীর থেকে বিষাক্ত উপাদান বের করার ব্যবস্থা করা হয়। বমি ও গ্যাসের সমস্যা কমাতে ওষুধের পাশাপাশি অ্যান্টিবায়োটিকও দেওয়া হয়েছিল।

কিন্তু বসিরহাটে প্রাথমিক চিকিৎসার পরেও তাঁর শারীরিক অবস্থা উদ্বেগজনক থাকায় রবিবার রাত তিনটে নাগাদ তাঁকে কলকাতার হাসপাতালে পাঠানো হয় এবং বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তিনি।

অন্যদিকে, বিধায়কের অসুস্থতার প্রকৃত কারণ নিয়ে এখনও নিশ্চিত নয় প্রশাসন। রবিবার স্বাস্থ্য প্রতিমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, পরীক্ষার রিপোর্ট হাতে না আসা পর্যন্ত বিষক্রিয়ার সম্ভাবনা নিয়ে চূড়ান্ত কোনও মন্তব্য করা ঠিক হবে না। তাঁর মতে, খাবার থেকে সংক্রমণের কারণেও এমন গুরুতর শারীরिक পরিস্থিতি তৈরি হয়ে থাকতে পারে। ইতিমধ্যেই খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য প্রতিমন্ত্রী আরও বলেন, রেখা পাত্র আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল রয়েছেন এবং খাবার থেকে সংক্রমণজনিত অসুস্থতার কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর দ্রুত আরোগ্য কামনা করে তিনি জানান, ভারতীয় জনতা পার্টির সকলেই তাঁর পাশে রয়েছেন এবং ঈশ্বরের কৃপায় তিনি সুস্থ হয়ে উঠবেন বলে তাঁরা আশাবাদী।