“সবুজ থেকে মুহূর্তে লাল!”-আচমকা ক্র্যাশ করল শেয়ারবাজার, নেপথ্যে কোন অশনি সংকেত?

সপ্তাহের প্রথম দিনেই চরম নাটকীয়তা ও অস্থিরতার সাক্ষী থাকল ভারতীয় শেয়ারবাজার। সোমবার সকালে লেনদেন শুরু হতেই দারুণ গতিতে ছুটতে শুরু করেছিল সেনসেক্স ও নিফটি। লাভের মুখও দেখতে শুরু করেছিলেন ট্রেডাররা। কিন্তু সেই আনন্দ স্থায়ী হলো মাত্র ১০ মিনিট! আচমকাই ছন্দপতন ঘটে দালাল স্ট্রিটে। মুহূর্তের মধ্যে তীব্র পতনের জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাজার, যার ফলে নিমেষেই কোটি কোটি টাকা লোকসানের মুখে পড়েন বিনিয়োগকারীরা।

১০ মিনিটেই ঘুরে গেল খেলা এদিন বাজার খোলার পর থেকেই তেজি ভাব দেখা গিয়েছিল। ৩০ শেয়ারের সূচক সেনসেক্স আগের দিনের ৮৩,৯১৯ পয়েন্টের তুলনায় অনেকটা ওপরে উঠে ৮৪,৪২১ পয়েন্টে খোলে। প্রথম কয়েক মিনিটের মধ্যেই এটি ৭৪৩ পয়েন্ট বেড়ে পৌঁছে যায় ৮৪,৬৬২-এর ঘরে। অন্যদিকে, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা নিফটিও একই পথে হেঁটে ২৫,৮০০ থেকে বেড়ে ২৫,৯২৯ পয়েন্টে খোলে এবং দ্রুত ২৬,০০০-এর দোরগোড়ায় (২৫,৯৯২) পৌঁছে যায়।

কিন্তু বাজার খোলার ঠিক ১০ মিনিটের মাথায় আচমকাই বদলে যায় সম্পূর্ণ চিত্র। প্রাথমিক এই উত্থান ধরে রাখতে ব্যর্থ হয় দুই সূচকই। তীব্র বিক্রির চাপে এক ধাক্কায় ৬৫৮ পয়েন্ট পড়ে গিয়ে সেনসেক্স নেমে আসে ৮৩,২১০ পয়েন্টে। সেনসেক্সের পথ অনুসরণ করে নিফটিও গ্রিন জোন থেকে সোজা রেড জোনে ঢুকে পড়ে।

আন্তর্জাতিক বাজারের ধাক্কাতেই রক্তক্ষরণ? বাজার বিশেষজ্ঞদের মতে, ভারতীয় শেয়ারবাজারের এই আচমকা পতনের নেপথ্যে রয়েছে বিশ্ববাজারের নেতিবাচক প্রভাব। সোমবার ভারতে লেনদেন শুরু হওয়ার আগেই জাপান, হংকং, দক্ষিণ কোরিয়া এবং আমেরিকার শেয়ারবাজারে বড়সড় ধস নেমেছিল। এশীয় ও মার্কিন বাজারের সেই রক্তক্ষরণের আঁচ এসে পড়ে ভারতের বাজারেও। ফলে শুরুতে ভালো গতি পেলেও আন্তর্জাতিক চাপের মুখে বেশিক্ষণ তা ধরে রাখতে পারেনি সেনসেক্স ও নিফটি।

আপাতত দিনের শুরুতেই এই বড় ধাক্কায় রীতিমতো আতঙ্কিত লগ্নিকারীরা। বিকেল ৩টে ৩০ মিনিট পর্যন্ত চলবে লেনদেন। দিনের শেষে বাজার আবার ঘুরে দাঁড়ায়, নাকি পতনের ধারা অব্যাহত থাকে—এখন সেদিকেই নজর রয়েছে গোটা দেশের বিনিয়োগকারীদের।

(বিধিবদ্ধ সতর্কীকরণ: শেয়ারবাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। এই প্রতিবেদনটি কেবল তথ্যের উদ্দেশ্যে প্রকাশিত। যেকোনো বিনিয়োগের আগে নিজস্ব গবেষণা করুন এবং বিশেষজ্ঞের পরামর্শ নিন।)