স্টিয়ারিং ও ব্রেক প্যাডেল ছাড়াই আসছে টেসলার নতুন গাড়ি! ইলন মাস্কের বড় ঘোষণা

টেসলা এমন একটি নতুন গাড়ি আনার পরিকল্পনা করছে, যাতে কোনো স্টিয়ারিং হুইল, অ্যাক্সিলারেটর বা ব্রেক প্যাডেল থাকবে না। নিউ ইয়র্ক টাইমস-এর বার্ষিক ডিলবুক সামিটে এক আলোচনায় টেসলার সিইও ইলন মাস্ক এই পরিকল্পনার কথা জানিয়েছেন। তাঁর মতে, এটি একটি চালকবিহীন পারিবারিক বা গ্রুপ ভ্রমণের গাড়ি হতে পারে, যা একবারে ৬ থেকে ৭ জন যাত্রী বহন করতে সক্ষম হবে।

মাস্ক ইঙ্গিত দিয়েছেন যে মডেল ওয়াই-এর একটি সম্পূর্ণ চালকবিহীন সংস্করণ তৈরির কথা ভাবা হচ্ছে। দুই আসনের সাইবারক্যাবের তুলনায় বড় পরিসরে এবং পরিবার বা একাধিক যাত্রীর যাতায়াতের কথা মাথায় রেখে এই যানবাহনের ধারণা তুলে ধরেছেন তিনি। এটি রোবোট্যাক্সি পরিষেবায় ব্যবহার করা হতে পারে এবং ভবিষ্যতে সাধারণ গ্রাহকদের কাছেও বিক্রির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

উৎপাদন ও সময়সূচি নিয়ে কী বললেন মাস্ক?

নতুন এই চালকবিহীন গাড়িটি কবে বাজারে আসবে, এর দাম কত হবে কিংবা উৎপাদন কবে শুরু হবে—এ বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সূচি বা তথ্য জানাননি ইলন মাস্ক। মাস্কের বক্তব্য অনুযায়ী, বর্তমানে টেসলা তাদের রোবোট্যাক্সি পরিষেবায় বিদ্যমান মডেল ওয়াই ব্যবহার করছে, যেখানে স্টিয়ারিং, প্যাডাল এবং কোম্পানির ফুল সেলফ-ড্রাইভিং (এফএসডি) প্রযুক্তি রয়েছে। অন্যদিকে, স্টিয়ারিং ও প্যাডেলবিহীন দুই আসনের সাইবারক্যাব নিয়েও কাজ এগিয়ে চলেছে এবং নির্দিষ্ট অঞ্চলে রোবোট্যাক্সি পরিষেবা ও বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।