মন্দির সেরে ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনা! দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িতে একই পরিবারের ৯ জনের মৃত্যু

রাজস্থানে গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় একই পরিবারের ৯ জনের মৃত্যু হয়েছে, গুরুতর আহত হয়েছেন আরও ৬ জন। কোটা-উদয়পুর জাতীয় সড়কে মন্দির দর্শন শেষে বাড়ি ফেরার পথে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিহত ও আহতদের জন্য আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন।

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত রাতে ২টো নাগাদ কোটা-উদয়পুর জাতীয় সড়কের শম্ভুপুরা গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগতির একটি ‘ফোর্স ক্রুজার’ গাড়িতে করে মোট ১৫ জন যাচ্ছিলেন। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে সজোরে ধাক্কা মারে।

খাতু শ্যামজি মন্দির থেকে ফেরার পথে বিপত্তি

পুলিশের তথ্য অনুযায়ী, হতাহতেরা সকলেই মহারাষ্ট্রের বাসিন্দা। আত্মীয়স্বজন মিলিয়ে মোট ৩৬ জন রাজস্থানের খাতু শ্যামজি মন্দির দর্শনে গিয়েছিলেন এবং দর্শন সেরে তিনটি গাড়িতে করে ফিরছিলেন। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিতে ১৫ জন ছিলেন। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গভীর রাতে গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

নিহত ও আহতদের পরিচয়

এই দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৯ জনকে চিহ্নিত করা হয়েছে। মৃতদের মধ্যে রয়েছেন ৪ জন মহিলা, ৩ জন পুরুষ এবং ২টি শিশু। তাঁরা হলেন— ঊষা বাই, সুশীলা, কৈলাশ, সানভি, সজ্জন, অনিতা, বাবুলাল, জাহ্নবী এবং মাধবী।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন কোটা সিটির পুলিশ সুপার তেজস্বিনী গৌতম ও উদ্ধারকারী দল। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করে নিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সেখানে ৬ জন আহত চিকিৎসাধীন রয়েছেন এবং তাঁদের জন্য বিশেষ মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ যোশী ঘটনাটিকে অত্যন্ত মর্মান্তিক বলে উল্লেখ করেছেন এবং আহতদের সুচিকিৎসার আশ্বাস দিয়েছেন। মৃতদেহগুলো ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

পরিবারের এক সদস্যের দাবি, ফেরার পথে বাকি দু’টি গাড়ি কিছুটা পিছিয়ে পড়ায় সামনের গাড়িটিই দুর্ঘটনার কবলে পড়ে। খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে ছুটে যান।

প্রধানমন্ত্রীর শোক ও আর্থিক সাহায্য ঘোষণা

ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে।