নতুন শ্রম আইনের ১ বছর পার! ন্যূনতম মজুরি, পেনশন ও গ্র্যাচুইটির কতটা সুবিধা পেলেন গিগ কর্মীরা?

দেশে চারটি নতুন শ্রম আইন বা লেবার কোড কার্যকর হওয়ার এক বছর পূর্ণ হলো। গত বছরের নভেম্বরে কার্যকর হওয়া এই আইনগুলির মূল লক্ষ্য ছিল ২৯টি পুরোনো শ্রম আইনকে একীভূত করে মজুরি, পেনশন, বীমা এবং সামাজিক সুরক্ষা সংক্রান্ত নিয়মকানুন আরও সহজ ও সময়োপযোগী করে তোলা। সংগঠিত খাতের পাশাপাশি অসংগঠিত ক্ষেত্রের কর্মী, পরিযায়ী শ্রমিক এবং গিগ ও প্ল্যাটফর্ম কর্মীদের সামাজিক সুরক্ষার ছাতার তলায় আনাই ছিল এই সংস্কারের অন্যতম উদ্দেশ্য।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, দেশে সামাজিক সুরক্ষার আওতাভুক্ত মানুষের সংখ্যা গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সরকারি তথ্যে ইপিএফও (EPFO)-এর সদস্য সংখ্যার বৃদ্ধির চিত্রও তুলে ধরা হয়েছে— ২০১৪-১৫ অর্থবর্ষে যেখানে ইপিএফও-এর সদস্য সংখ্যা ছিল ৩ কোটি ৪৯ লক্ষ, ২০২৬ সালের সেপ্টেম্বরে তা বেড়ে প্রায় ৭ কোটি ৯৮ লক্ষে পৌঁছেছে। পাশাপাশি পেনশনভোগীর সংখ্যাও আগের তুলনায় বেড়ে প্রায় ৮ কোটি ২০ লক্ষে দাঁড়িয়েছে বলে দাবি করা হয়েছে।
নতুন শ্রম আইনে গিগ কর্মীদের জন্য ন্যূনতম মজুরি, পেনশন, গ্র্যাচুইটি এবং সামাজিক সুরক্ষার পরিধি বাড়ানোর কথা বলা হলেও, আইন কার্যকর হওয়ার এক বছর পর মাঠ পর্যায়ে শ্রমিকরা ঠিক কতটা সুফল পাচ্ছেন তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। বিশেষজ্ঞ মহলের মতে, কাগজে-কলমে সুরক্ষার পরিসর বাড়লেও বাস্তবে অসংগঠিত ও গিগ কর্মীদের হাতে কতটা সুবিধা পৌঁছল, তা খতিয়ে দেখাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।