‘আগে লুপ লিখতাম, এখন শুধু প্রম্পট!’ এআই-এর দাপটে কি শেষ সফটওয়্যার ডেভেলপারদের যুগ? তুমুল বিতর্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) কোডিং টুলের দ্রুত প্রসার সফটওয়্যার ডেভেলপারদের কাজের ধরন আমূল বদলে দিচ্ছে। কিন্তু এই প্রযুক্তিগত পরিবর্তনের সঙ্গে সবাই যে স্বচ্ছন্দ নন, তা ফের স্পষ্ট হলো রেডিটে ভাইরাল হওয়া এক পোস্টে। নয় বছরেরও বেশি অভিজ্ঞতাসম্পন্ন এক সফটওয়্যার ডেভেলপারের দাবি, এআই টুলগুলি নিজে থেকে কোড লেখা, ডিবাগিং করা এবং জটিল সমস্যার সমাধান করার আসল আনন্দ কেড়ে নিচ্ছে। তাঁর এই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক।
‘r/developersIndia’ সাবরেডিটে প্রকাশিত ওই পোস্টের শিরোনাম ছিল, “মনে হচ্ছে আমরা সফটওয়্যার ডেভেলপমেন্টের শেষ দিনগুলোতে আছি। যতদিন আছে উপভোগ করুন।” ওই ডেভেলপার জানান, সম্প্রতি তাঁদের অফিসে এক টাউন হল মিটিংয়ে জানানো হয়েছে যে কোম্পানিটি ডেভেলপার ও টেস্টারদের একত্রিত করে ইঞ্জিনিয়ারিং টিম পুনর্গঠনের পরিকল্পনা করছে। শুধু তাই নয়, টেস্টিংয়ের কাজে মানুষের বদলে এআই ব্যবহার করার ভাবনা রয়েছে এবং অধিকাংশ কাজে ইঞ্জিনিয়ারদের এআই টুল ব্যবহার করতে উৎসাহিত করা হচ্ছে।
এই ঘোষণার পরই কোডিং নিয়ে তাঁর দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও ক্রমবর্ধমান উদ্বেগের কথা তুলে ধরেন ওই অভিজ্ঞ কর্মী। নয় বছরের অভিজ্ঞতায় নিজে হাতে কোড লেখা, ঘণ্টার পর ঘণ্টা ধরে ত্রুটি খোঁজা এবং সমস্যার মূল কারণ খুঁজে বের করার রোমাঞ্চকর দিনগুলির কথা স্মরণ করে তিনি জানান, প্রতিদিনের কাজ থেকে সেই অভিজ্ঞতাগুলি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে।
তাঁর কথায়, এখন নিজে থেকে লজিক তৈরি বা কোড লেখার চেয়ে ‘গিটহাব কপাইলট’-এর মতো টুল কীভাবে আরও ভালোভাবে ব্যবহার করা যায়, ওয়ার্কফ্লো ও প্রজেক্ট কীভাবে সেগুলিকে বোঝানো যায়— সেই দিকেই বেশি সময় দিতে হচ্ছে। এই বদলের প্রসঙ্গে তিনি লেখেন, “আমি আগে নিজে থেকে ফর লুপ এবং ইফ-এলস লিখতে উপভোগ করতাম, এখন আমি শুধু প্রম্পট লিখি।” অফিসে ওই ঘোষণার পর তিনি এতটাই বিচলিত হয়ে পড়েন যে সামনে কাজ থাকা সত্ত্বেও স্ক্রিনের দিকে তাকিয়ে বসে ছিলেন এবং একে নিজের কাছে এক ধরনের ‘অস্তিত্বের সংকট’ হিসেবে বর্ণনা করেছেন।
তবে হতাশার মাঝেও হাল ছাড়তে নারাজ এই ডেভেলপার। ঘরের এক কোণে পড়ে থাকা অসমাপ্ত লেগো সিটির প্রসঙ্গ টেনে রসিকতার সুরে তিনি জানান, পরিবারের কেউ সেটি শেষ করতে না পারায় আরও সেট কিনে তিনিই কাজ চালিয়ে যাবেন। একইভাবে বাস্তব জীবনেও নিজের উদ্বেগ সরিয়ে রেখে পরের দিন কাজে ফিরে ‘এআই এজেন্ট পাইপলাইন’ আরও উন্নত করার দিকেই মনোযোগ দেবেন বলে জানিয়েছেন তিনি। তাঁর বিশ্বাস, বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে পারলে আরও এক-দুই বছর টিকে থাকা সম্ভব হবে।