আড়াই মাসের বোনের মৃত্যুতে শোকে কাতর ১০ বছরের দিদি! কোরবায় মর্মান্তিক ঘটনায় শোকস্তব্ধ পরিবার

অসুস্থতার কারণে আড়াই মাসের এক শিশুকন্যার মৃত্যুর পর তার ১০ বছর বয়সী বড় বোনের আত্মহত্যার মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ছত্তিশগড়ের কোরবায়। একসঙ্গে দুই সন্তানের মৃত্যুতে ভেঙে পড়েছে পুরো পরিবার। কোরবার বাংগো থানা এলাকার আমাতিকরা গ্রামে গত শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে। রবিবার পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আড়াই মাস বয়সী শিশুকন্যা রানী কয়েকদিন ধরে সর্দি, কাশি ও জ্বরে ভুগছিল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে প্রথমে একটি স্থানীয় হাসপাতালে এবং পরে পন্ডি উপর্দার একটি কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এরপর পরিবারের সদস্যরা তার মরদেহ বাড়িতে এনে শেষকৃত্য সম্পন্ন করেন।

ছোট বোনের মৃত্যুর পর থেকেই গভীর শোকে ভেঙে পড়ে তার ১০ বছর বয়সী বড় বোন। সেই শোক সহ্য করতে না পেরেই বাড়িতে গলায় ফাঁস দিয়ে সে আত্মহত্যা করে বলে পরিবার ও পুলিশ সূত্রে খবর। বিষয়টি নজরে আসতেই পরিবারে শোকের মাতম শুরু হয় এবং পুলিশকে খবর দেওয়া হয়। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।