মেলার চাউমিনে বিষক্রিয়া! অসুস্থ ১১৮ জন শিশু, হাসপাতালে ভর্তি ৪৫ খুদে-সহ মোট ৫৭ জন

গ্রামের মেলায় আনন্দের মাঝে নেমে এল চরম আতঙ্ক! চাউমিন খেয়ে ভয়াবহ বিষক্রিয়ার শিকার হয়ে অসুস্থ হয়ে পড়ল ১১৮ জন শিশু। এদের মধ্যে ৪৫ জন শিশুর অবস্থা গুরুতর হওয়ায় তাদের জেলা হাসপাতালে ভর্তি করতে হয়েছে। পাশাপাশি, একই খাবার খেয়ে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২ জন প্রাপ্তবয়স্কও। সবমিলিয়ে বর্তমানে ৫৭ জন হাসপাতালে ভর্তি রয়েছেন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বালাঘাট জেলার হির্রী গ্রামে।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতি বছরের মতোই হির্রী গ্রামে বার্ষিক মেলা বসেছিল। শনিবার রাতে মেলার মাঠে উপচে পড়া ভিড়ের মাঝে একটি স্টল থেকে অনেকেই চাউমিন খেয়েছিলেন। এরপরই রাতের দিকে একের পর এক শিশু বমি ও পেটের ব্যথায় অসুস্থ হয়ে পড়তে শুরু করে। প্রথমে তাদের কিরণপুরের স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ৭৩ জন শিশুকে ছেড়ে দেওয়া হলেও, ৪৫ জন শিশু এবং ১২ জন প্রাপ্তবয়স্কের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁদের বালাঘাট জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
রবিবার সকালে হাসপাতালে গিয়ে অসুস্থ শিশু ও তাদের পরিবারের সঙ্গে দেখা করেন বালাঘাটের প্রশাসক আদিত্য সিংহ। চিকিৎসার ক্ষেত্রে যাতে কোনও গাফিলতি না থাকে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে কড়া নির্দেশ দিয়েছেন তিনি। জেলার চিফ মেডিক্যাল অ্যান্ড হেলথ অফিসার শত্রুঘ্ন সিংহ দহিয়া জানিয়েছেন, বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা সকলেরই অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকরা তাঁদের নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
অন্যদিকে, ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত স্টলটি থেকে সমস্ত খাবার এবং মশলাপাতি বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেগুলি পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। উল্লেখ্য, বালাঘাট জেলায় শিশুস্বাস্থ্য নিয়ে উদ্বেগ নতুন নয়। গত জুন মাস থেকে এই জেলায় মূলত জনজাতি সম্প্রদায়ের ৩২ জন শিশুর মৃত্যুর খবর সামনে এসেছিল। সেই ঘটনার তদন্তে অপুষ্টি, টিকাকরণের রেকর্ডে গরমিল এবং স্বাস্থ্য পরিকাঠামোর একাধিক ত্রুটি ধরা পড়েছিল। তার মাঝেই মেলার খাবারে বিষক্রিয়ার ঘটনায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে।