LPG গ্রাহকদের টার্গেট করছে সাইবার প্রতারকরা, বড়সড় সতর্কবার্তা জারি করল ব্যাংক

বাড়িতে এলপিজি (LPG) গ্যাস সিলিন্ডার ব্যবহার করলে এখনই সতর্ক হোন। রান্নার গ্যাসের গ্রাহকদের নিশানা করে নতুন প্রতারণার ফাঁদ পেতেছে সাইবার অপরাধীরা। কখনও গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যাওয়ার ভয় দেখিয়ে, আবার কখনও কেওয়াইসি (KYC) আপডেটের নামে ভুয়া মেসেজ পাঠিয়ে গ্রাহকদের বিভ্রান্ত করা হচ্ছে। সেই মেসেজে থাকা লিঙ্কে ক্লিক করলেই বড় বিপদে পড়ার আশঙ্কা রয়েছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের সতর্কবার্তা দিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI Bank)।
বর্তমানে গ্যাস সিলিন্ডার বুকিং থেকে ভর্তুকি সংক্রান্ত তথ্য দেখা—সব কাজেই বহু মানুষ অনলাইন পরিষেবার ওপর নির্ভর করেন। সেই সুযোগকেই কাজে লাগাচ্ছে প্রতারকেরা। এলপিজি বুকিং, ভর্তুকি বা কেওয়াইসি আপডেট সংক্রান্ত কোনও অচেনা নম্বর থেকে মেসেজ এলে তা যাচাই না করে লিঙ্কে ক্লিক না করার পরামর্শ দেওয়া হচ্ছে।
কীভাবে ফাঁদ পাতছে সাইবার প্রতারকেরা?
প্রতারকেরা অনেক সময় নিজেদের গ্যাস এজেন্সির কর্মী বলে পরিচয় দিয়ে ফোন করছে। গ্রাহককে জানানো হচ্ছে, তাঁর গ্যাসের ভর্তুকি বন্ধ হয়ে যেতে পারে অথবা কেওয়াইসি আপডেট না করলে গ্যাস সংযোগে সমস্যা দেখা দেবে। বিশ্বাস অর্জন করার পর হোয়াটসঅ্যাপ (WhatsApp) বা এসএমএস (SMS)-এর মাধ্যমে একটি লিঙ্ক পাঠানো হচ্ছে এবং সেখানে ক্লিক করে কেওয়াইসি আপডেট বা ভর্তুকি সচল করার নির্দেশ দেওয়া হচ্ছে।
এ ছাড়া কিছু ক্ষেত্রে এপিকে (APK) ফাইল ডাউনলোড করতেও বলা হচ্ছে। এই ধরনের ফাইল ইনস্টল করলে ফোনে ম্যালওয়্যার ঢুকে যেতে পারে, যার ফলে ব্যক্তিগত ও ব্যাঙ্কিং তথ্য চুরি হওয়ার পাশাপাশি অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঝুঁকি তৈরি হয়।
প্রতারণা এড়াতে যে ৫টি ভুল করবেন না
১. অচেনা লিঙ্কে ক্লিক নয়: এলপিজি ভর্তুকি বা কেওয়াইসি আপডেটের নামে অজানা নম্বর থেকে আসা কোনও লিঙ্কে ক্লিক করবেন না। ২. গোপন তথ্য শেয়ার করবেন না: অপরিচিত কারও সঙ্গে ওটিপি (OTP), এটিএম পিন (ATM PIN) বা সিভিভি (CVV) নম্বর ভাগ করবেন না। ৩. APK ফাইল ডাউনলোড এড়িয়ে চলুন: হোয়াটসঅ্যাপ বা এসএমএস-এ আসা কোনও অচেনা এপিকে ফাইল ফোনে ডাউনলোড বা ইনস্টল করবেন না। ৪. অফিসিয়াল মাধ্যম ব্যবহার করুন: গ্যাস বুকিং ও কেওয়াইসি আপডেটের জন্য কেবল সংশ্লিষ্ট সংস্থার অনুমোদিত অ্যাপ বা সরকারি ওয়েবসাইট ব্যবহার করুন। ৫. পরিচয় যাচাই করুন: ফোনে কেউ নিজেকে ব্যাঙ্ক বা গ্যাস এজেন্সির প্রতিনিধি বলে দাবি করলেই বিশ্বাস করবেন না; যাচাই না করে কোনও তথ্য দেবেন না।
প্রতারণার শিকার হলে কী করবেন?
অনলাইন প্রতারণার শিকার হলে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। দেরি না করে ১৯৩০ হেল্পলাইন নম্বরে ফোন করে সাইবার প্রতারণার অভিযোগ জানান। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের সাইবার অপরাধ সংক্রান্ত পোর্টাল cybercrime.gov.in-এ গিয়েও অভিযোগ দায়ের করা যেতে পারে।
গ্যাসের ভর্তুকি বা কেওয়াইসি সংক্রান্ত প্রতিটি বার্তাই যে আসল, তা নয়। তাই যেকোনও লিঙ্ক বা বার্তার সত্যতা যাচাই করে পদক্ষেপ করুন। সামান্য অসাবধানতায় জমানো অর্থ হাতছাড়া হতে পারে—তাই সচেতনতাই সবচেয়ে বড় সুরক্ষা।