হোয়াটসঅ্যাপে এপিকে ফাইল পাঠিয়ে ২০ কোটি লুট! জামতারা গ্যাংয়ের ২২ জন জালে

হোয়াটসঅ্যাপে বিপজ্জনক এপিকে বা APK ফাইল পাঠিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে বড়সড় সাইবার প্রতারণা চক্রের পর্দাফাঁস করেছে দিল্লি পুলিশ। ঝাড়খণ্ডের জামতারা থেকে পরিচালিত এই চক্রের ২২ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এই নেটওয়ার্কের ফাঁদে পড়ে ২২,১৩৯ জনেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং প্রতারিতের অঙ্ক ২০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে।
পাঁচ দিনের অভিযানে বড় সাফল্য
পশ্চিম দিল্লি পুলিশের সাইবার টিম দেশজুড়ে সক্রিয় এই আন্তঃরাজ্য প্রতারণা চক্রের বিরুদ্ধে পাঁচ দিনের অভিযান চালিয়ে ২২ জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। তদন্তে জানা গেছে, জামতারার পাশাপাশি ঝাড়খণ্ড, বিহার, পশ্চিমবঙ্গ এবং উত্তর প্রদেশ পর্যন্ত এই চক্রের শিকড় ছড়িয়ে ছিল।
কীভাবে ফাঁদ পাতত প্রতারকরা?
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তরা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ক্ষতিকর APK ফাইল পাঠাত। কেউ সেই ফাইল ডাউনলোড বা ইনস্টল করলেই কৌশলে তাঁদের ব্যাংকিং তথ্য হাতিয়ে নিত প্রতারকরা। এভাবেই দেশজুড়ে হাজার হাজার মানুষকে নিশানা বানিয়ে বিপুল অঙ্কের অর্থ লুটে নেওয়া হতো বলে অভিযোগ।
উদ্ধার বিপুল মোবাইল
এই অভিযানে পুলিশ অভিযুক্তদের কাছ থেকে ৬৩টি মোবাইল ফোন উদ্ধার করেছে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই আন্তঃরাজ্য চক্রের বাকি সদস্য এবং আর্থিক লেনদেনের সূত্র খতিয়ে দেখছে দিল্লি পুলিশের সাইবার দল।