৫০টির বেশি বাড়ি ও দোকান ভস্মীভূত! রাজনৈতিক সংঘর্ষে জ্বলছে বাংলাদেশ

শেখ হাসিনার ফেরার জল্পনার মধ্যেই নতুন করে উত্তেজনার পারদ চড়ছে বাংলাদেশে। এই সপ্তাহের শুরুতে বিএনপির মিছিলে হামলার ঘটনায় অন্তত দুজন বিএনপি নেতার মৃত্যুর পর দেশের বিভিন্ন প্রান্তে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে নড়াইল জেলায় ৫০টিরও বেশি আবাসিক কাঠামো এবং বেশ কয়েকটি দোকানে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।
শেখ হাসিনার সম্ভাব্য ফেরা নিয়ে রাজনৈতিক মহলে যখন জোর চর্চা চলছে, ঠিক সেই আবহেই এই অগ্নিসংযোগের ঘটনা ঘটল। স্থানীয়দের একাংশের দাবি, বেছে বেছে আওয়ামী লিগের নেতা-কর্মীদের বাড়িঘর ও সম্পত্তিতে হামলা ও অগ্নিসংযোগ চালানো হয়েছে। শুক্রবার বিকেলে কালিয়া উপজেলার বেন্দার চর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানা গেছে।
কালিয়া ফায়ার সার্ভিস স্টেশনের আধিকারিক হুমায়ুন কবীর জানান, বিকেল ৪টার দিকে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেলেও এলাকায় যাওয়ার রাস্তায় গাছ পড়ে থাকায় এবং নিরাপত্তাজনিত কারণে দমকলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাতে পারেননি। রাত ৮টা নাগাদ দমকল বাহিনী গ্রামে পৌঁছায়, ততক্ষণে অনেক জায়গায় আগুনের তীব্রতা কমে এলেও বহু অংশ পুড়ে যায়। হুমায়ুন কবীরের ভাষ্য অনুযায়ী, প্রায় ২০ থেকে ২৫টি পরিবারের ৫০টিরও বেশি আবাসিক কাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বারদিয়া বাজারের বেশ কয়েকটি দোকানেও আগুন লাগে। অন্যদিকে, প্রশাসনের তরফে ১৫ থেকে ২০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথা জানানো হয়েছে।
প্রশাসন সূত্রে খবর, প্রাক্তন সংসদ সদস্য কবিরুল হক মুক্তির পৈতৃক বাড়িতেও হামলা চালানো হয়েছে এবং সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ এবং এলাকায় অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হয়েছে।
এদিকে ছাত্রনেতা হোসেন সাদ্দাম দাবি করেছেন, হিন্দু সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যসহ আওয়ামী লিগ সমর্থকদের বহু বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। তাঁর অভিযোগ, সংসদে তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের জেরেই এই হামলা হয়েছে। তবে স্থানীয় বিএনপি নেতৃত্ব এবং জেলা পুলিশ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক দাবি ও হিন্দু বাড়িঘরে হামলার অভিযোগ খণ্ডন করে জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।