২ লাখেই ৭ দিনের ভিয়েতনাম ট্রিপ! হ্যানয় থেকে দা নাং, ঘুরে দেখার সহজ গাইড

একসময় বাংলার মানুষের মুখে মুখে ঘুরত ভিয়েতনামের লড়াইয়ের স্লোগান। সময়ের সঙ্গে রাজনৈতিক সেই ইতিহাস পেরিয়ে ভিয়েতনাম এখন ভ্রমণপিপাসু বাঙালির কাছে অন্যতম পছন্দের গন্তব্য। তুলনামূলক কম খরচে দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশ ঘুরে দেখার সুযোগ থাকায় অনেকেই এখন ভিয়েতনামের ছক কষছেন। কোন জায়গা দিয়ে শুরু করবেন, কতদিন লাগবে আর বাজেট কেমন হতে পারে, তা জেনে নিলে ভ্রমণের পরিকল্পনা অনেক সহজ হয়ে যায়।
ভিয়েতনাম ঘুরতে চাইলে মূলত হ্যানয়, দা নাং এবং হো চি মিন সিটির মতো শহরগুলিকে কেন্দ্র করে পরিকল্পনা করা যায়। উত্তর প্রান্তের হ্যানয় ভিয়েতনামের রাজনৈতিক রাজধানী। শতাব্দীপ্রাচীন ঐতিহ্য বহনকারী এই শহরের ওল্ড কোয়ার্টারে হাঁটলে অনেকেরই কলকাতার ধর্মতলা বা নিউ মার্কেটের কথা মনে পড়তে পারে। আবার সরকারি দফতর ঘেরা এলাকা দেখে ডালহৌসি পাড়ার কথাও মাথায় আসে।
হ্যানয়ের অন্যতম আকর্ষণ হলো বিখ্যাত ট্রেন স্ট্রিট। এখানে রেললাইনের দুধারে সারি সারি দোকান রয়েছে, যেখানে স্ন্যাকস, কফি আর কম দামে বিয়ার পাওয়া যায়। ট্রেন আসার সময় হলে দোকানগুলি দ্রুত গুটিয়ে নিতে হয়, আর চোখের সামনে দিয়ে ছুটে যায় লম্বা ট্রেন। এ ছাড়া শহরে রয়েছে হো চি মিনের সমাধি, প্রেসিডেন্ট হাউস, পার্লামেন্ট ভবন, হো চি মিন মিউজিয়াম, হোয়া কিম লেক এবং বৌদ্ধ মনাস্ট্রি। মনাস্ট্রি চত্বরে ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদের রোপণ করা একটি পুরনো বটগাছও রয়েছে।
হ্যানয় থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে কোয়াং নিন প্রদেশে অবস্থিত হ্যালং বে একটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। দক্ষিণ চিন সাগরের কোলে চুনাপাথরের দ্বীপঘেরা এই অঞ্চলে ক্রুজে সারাদিন ঘোরা বা রাতে থাকার অভিজ্ঞতা নেওয়া যায়। কায়াকিং, স্পিড বোটিং কিংবা বাঁশের নৌকায় গুহার ভেতর দিয়ে যাওয়ার পাশাপাশি ক্রুজ থেকে সূর্যাস্ত দেখার সুযোগও থাকে। হ্যানয় থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে নিন বিন অঞ্চলেও পুরনো রাজধানী হুয়া লু-র ইতিহাস ও ট্রাং আন নদীতে নৌকাভ্রমণের সুযোগ রয়েছে। সাইকেল বা বাইকে চেপেও এই পাহাড়ঘেরা এলাকা ঘুরে দেখা যায়।
উত্তর মধ্য ভিয়েতনামের শহর দা নাং দক্ষিণ চিন সাগরের তীরে অবস্থিত। পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও সাজানো গোছানো পরিবেশের জন্য এটি পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। এর কাছাকাছি প্রাচীন শহর হোই আন ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান। ষোড়শ শতাব্দীর জাপানি সেতু, থু বন নদী, সকালের ঝুড়ি নৌকো আর সন্ধ্যার রঙিন ফানুস হোই আনকে আলাদা মাত্রা দেয়। দা নাংয়ের কাছেই রয়েছে বানা হিলস, যেখানে কেবল কারে চড়ে প্রায় পাঁচ হাজার ফুট উঁচুতে ওঠা যায়। ক্যাসল, ফরাসি ধাঁচের পাহাড়ি গ্রাম, ফ্যান্টাসি পার্ক আর দুটি সোনালি হাতের ওপর দাঁড়িয়ে থাকা ঝুলন্ত সেতু এখানকার বড় আকর্ষণ।
কলকাতা থেকে ভিয়েতনামের সরাসরি বিমান না থাকায় ব্যাংককের মতো কোনো শহরে লে ওভার নিয়ে যেতে হয়। ছয় রাত সাত দিনের সফরে তিন রাত দা নাংয়ে থেকে হোই আন ও বানা হিলস ঘুরে নেওয়া যায়। এরপর অভ্যন্তরীণ বিমানে হ্যানয়ে গিয়ে প্রথম দিন শহরের দর্শনীয় স্থান, দ্বিতীয় দিন হ্যালং বে এবং তৃতীয় দিন নিন বিন ঘুরে দেখা সম্ভব। হ্যানয়ে ওল্ড কোয়ার্টারে এবং দা নাংয়ে শহরের মাঝামাঝি এলাকায় থাকলে যাতায়াত সহজ হয়। স্থানীয় দর্শনীয় স্থান ঘোরার জন্য ট্র্যাভেল বাস বা শেয়ারড ভ্যান ব্যবহার করা যায়।
খাবারের ক্ষেত্রে ভিয়েতনামে বৈচিত্র্যের অভাব নেই। ভাত ও মাছ প্রধান খাদ্য হওয়ায় বাঙালিদের মানিয়ে নিতে খুব একটা অসুবিধা হয় না। চিকেন, মাটন, পর্ক, বিফ বা অক্টোপাসের নানা পদ যেমন রয়েছে, তেমনই জনপ্রিয় বান মি স্যান্ডউইচও পাওয়া যায়। যাঁরা নতুন স্বাদ নিতে ভালোবাসেন, তাঁরা স্থানীয় নানা পদ চেখে দেখতে পারেন। তবে পুরোপুরি ভারতীয় বা নিরামিষ খাবার খুঁজলে খরচ কিছুটা বেশি পড়তে পারে।
সাধারণত জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত ভিয়েতনামে বৃষ্টির প্রবণতা থাকে। তাই অক্টোবর থেকে মে মাসের মধ্যে গেলে আবহাওয়া তুলনামূলক অনুকূল থাকে। দুজনের ছয় রাত সাত দিনের দা নাং ও হ্যানয় ভ্রমণে বিমান ভাড়া, থাকা, খাওয়া, ঘোরাঘুরি ও কেনাকাটা মিলিয়ে খরচ প্রায় দুই লাখ টাকার কাছাকাছি হতে পারে। তবে তিন থেকে চার মাস আগে বিমানের টিকিট কাটলে এবং নিজের মতো করে পরিকল্পনা করলে খরচ কিছুটা কমানো সম্ভব। প্যাকেজে গেলে অনেক সময় সকাল ও দুপুরের খাবার থাকলেও রাতের খাবার আলাদাভাবে নিতে হয়।