স্কুলে ফোন বন্ধ হতেই বদলে গেল ছবি! ৩৩ লক্ষ পড়ুয়ার ওপর হার্ভার্ডের বড় গবেষণা কী বলছে?

বিদ্যালয়ে মোবাইল ফোন নিষিদ্ধ করার সুফল হাতেকলমে মিলেছে। শিক্ষার্থীরা যেসব স্কুলে মোবাইল ফোন ব্যবহার করতে পারেনি, সেখানে পড়াশোনার মান আগের তুলনায় উন্নত হয়েছে বলে জানিয়েছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণা।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এডুকেশন পলিসি রিসার্চের ওই প্রতিবেদনে দেখা গেছে, মোবাইল ফোন নিষিদ্ধ করার ফলে পড়ুয়াদের গণিত এবং পঠন দক্ষতায় ইতিবাচক পরিবর্তন এসেছে। শুধু নির্দিষ্ট কোনও শ্রেণির পড়ুয়া নয়, বরং পড়াশোনায় দুর্বল, মাঝারি এবং ভালো ফল করা সব ধরনের শিক্ষার্থীর ক্ষেত্রেই এই সুফল দেখা গেছে।

গবেষণাটি বেশ বড় পরিসরে করা হয়েছে। এতে প্রায় ৪,৬০০টি স্কুল এবং ৩৩ লক্ষ শিক্ষার্থীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল। যুক্তরাষ্ট্রের ৪৬টি অঙ্গরাজ্যের তথ্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন গবেষকরা।

বিদ্যালয়ের পরিবেশে মোবাইল ফোনের ব্যবহার শিশুদের মনোযোগ এবং পড়াশোনার ওপর প্রভাব ফেলে কি না, তা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা চলছে। অনেক ক্ষেত্রেই ক্লাসরুম বা স্কুল চত্বরে ফোনের ব্যবহার নিয়ে কড়াকড়ি আরোপ করা হয়। হার্ভার্ডের এই সাম্প্রতিক গবেষণা সেই পদক্ষেপের কার্যকারিতা নিয়ে নতুন তথ্য সামনে আনল।