মাঝ আকাশে ককপিটে ভয়াবহ হামলা! ভারতীয় পাইলটকে খুনের ছক, এবার সরাসরি ইউএই-র কাছে কোন বড় তথ্য চাইল NIA?

ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানের ককপিটে ভারতীয় পাইলট ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ওপর হামলার ঘটনায় তদন্তের গতি আরও বাড়াল জাতীয় তদন্তকারী সংস্থা (NIA)। ঘটনার গভীরে পৌঁছতে এবার সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) কাছে আইনি সহায়তা ও তথ্য চেয়ে আবেদন জানিয়েছে এনআইএ। ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স ট্রিটি’ বা এমএলএটি (MLAT)-এর আওতায় এই আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়েছে।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, ইউএই প্রশাসনের কাছে পাঠানো এই আবেদনে ঘটনার সঙ্গে যুক্ত গুরুত্বপূর্ণ নথিপত্র, তথ্যপ্রমাণ এবং নির্দিষ্ট কয়েকজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের অনুমতি চাওয়া হয়েছে। উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানটি ছিনতাই বা ধ্বংস করার উদ্দেশ্যে ককপিটে হামলা চালান ওমানি ফার্স্ট অফিসার। সেই সময় বিমানের দায়িত্বে থাকা ভারতীয় ক্যাপ্টেন স্মিত মচ্ছরের ওপর তিনি আচমকা আক্রমণ করেন বলে অভিযোগ।

দিল্লিতে আয়োজিত দু’দিনের ‘অ্যান্টি টেরর কনফারেন্স’-এর ষষ্ঠ সংস্করণের সমাপ্তি ভাষণে এনআইএ ডিরেক্টর জেনারেল রাকেশ আগরওয়াল এই তথ্য জানান। ১৯ ও ২০ নভেম্বর অনুষ্ঠিত ওই সম্মেলনের মূল বিষয়বস্তু ছিল ‘ক্রস বর্ডার টেরোরিজম’ বা আন্তঃসীমান্ত সন্ত্রাস। রাকেশ আগরওয়াল বলেন, সংযুক্ত আরব আমিরশাহীর কাছে এমএলএটি-র মাধ্যমে আবেদন জানানো হয়েছে এবং এনআইএ এখন তাদের উত্তরের অপেক্ষায় রয়েছে। চাওয়া নথি ও প্রমাণ হাতে এলেই তদন্তের পরবর্তী ধাপ শুরু হবে।

তদন্তের অগ্রগতি প্রসঙ্গে এনআইএ প্রধান আরও জানান, অভিযুক্ত কো-পাইলটের শিক্ষাগত যোগ্যতা এবং অতীত গতিবিধিও খতিয়ে দেখা হচ্ছে। বিশেষ করে অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের কোনো প্রতিষ্ঠানের সঙ্গে তাঁর পড়াশোনা বা প্রশিক্ষণের যোগসূত্র রয়েছে কি না, তা নিবিড়ভাবে যাচাই করছেন তদন্তকারীরা।