ডিসেম্বরেই দেশে ফিরতে চান হাসিনা, নতুন পাসপোর্ট চেয়ে চিঠি; চিকেন নেকের কাছে তারেক রহমানের হুঁশিয়ারি

ভারতের আশ্রয়ে থাকা বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছাড়ার ইচ্ছা প্রকাশ করে একটি চিঠিতে স্বাক্ষর করে পাঠিয়েছেন বলে খবর সামনে এসেছে। এই চাঞ্চল্যকর ঘটনার মাঝেই বাংলাদেশে ৮৫টিরও বেশি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শেখ হাসিনার শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গোপালগঞ্জ, কাশিয়ানী, টুঙ্গিপাড়া এবং পিরোজপুর জেলায় ব্যাপক অশান্তি ছড়িয়ে পড়েছে। এই জেলাগুলিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দল বিএনপির সদস্যদের কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। শুধু দলীয় দপ্তরই নয়, বিএনপির সাংসদদের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়েছে বলে অভিযোগ।
বিক্ষোভের আঁচ পৌঁছেছে থানা, গ্রামীণ ব্যাঙ্কের শাখা এবং মহম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও—সেখানেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। একসময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থাকাকালীন ইউনূসের আমলে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর হামলা এবং শেখ হাসিনার সরকারি বাসভবন ও পৈতৃক বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছিল। এমনকি বাংলাদেশের প্রতিষ্ঠাতা নেতা শেখ মুজিবুর রহমানের মূর্তিও ভেঙে ফেলা হয়েছিল। বর্তমানে সেই ঘটনার পাল্টা প্রতিক্রিয়াই দেখা যাচ্ছে বলে মনে করছেন অনেকে।
যে বাংলাদেশ কয়েক মাস আগেও শেখ হাসিনাকে প্রত্যর্পণের দাবি তুলেছিল, আজ সেই দেশই তাঁকে বাংলাদেশে না পাঠানোর জন্য ভারতের কাছে আর্জি জানাচ্ছে বলে সূত্রের দাবি। এর নেপথ্যে রয়েছে গোটা বাংলাদেশে আওয়ামী লীগের হাজার হাজার সমর্থকের রাস্তায় নেমে আসা। তাঁদের সঙ্গে যোগ দিয়েছেন বস্ত্রশিল্পের হাজার হাজার শ্রমিক, যাঁরা বিগত অস্থিরতায় কাজ হারিয়েছেন।
এরই মধ্যে শেখ হাসিনার আইনজীবী নয়াদিল্লির বাংলাদেশ হাইকমিশনে একটি চিঠি পাঠিয়েছেন, যাতে শেখ হাসিনার স্বাক্ষর রয়েছে। চিঠিতে উল্লেখ করা হয়েছে যে তিনি ভারত ছেড়ে ডিসেম্বরে বাংলাদেশে ফিরতে চান এবং সেই কারণে একটি নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন জানিয়েছেন। তবে বাংলাদেশ হাইকমিশন এখনও এই চিঠির কোনও উত্তর দেয়নি। অন্যদিকে, বাংলাদেশের রাস্তায় নেমে বহু মানুষ অর্থনীতির বেহাল দশার কথা তুলে ধরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন। কিন্তু তারেক রহমানের সরকার এখনই তাঁকে দেশে ফিরতে দিতে নারাজ। হাসিনার চিঠি পাঠানোর পরপরই তারেক রহমান ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন নেক থেকে মাত্র ১৩৫ কিলোমিটার দূরে লালমনিরহাট এলাকায় পৌঁছে নাম না করে সীমান্তপারের মদতের অভিযোগ তুলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের হুঁশিয়ারি দিয়েছেন।