মুম্বই-পুনের জলের চাহিদা আকাশছোঁয়া, ২০৫১ ও ২০৪৭-এর মাস্টারপ্ল্যানে কী চমক?

ডেটা সেন্টার এবং বিভিন্ন শিল্পক্ষেত্রে জলের ক্রমবর্ধমান চাহিদা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। শিল্পতালুক এবং ডেটা সেন্টারগুলিতে জল সরবরাহের ব্যবস্থা পরিচালনার জন্য একটি পৃথক সাবসিডিয়ারি সংস্থা তৈরির প্রস্তাব পেশ করতে মহারাষ্ট্র ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন বা এমআইডিসি-কে নির্দেশ দিয়েছেন তিনি। শুক্রবার মুম্বইয়ে নিজের সরকারি বাসভবন বর্ষা-য় মুম্বই এবং পুনে মেট্রোপলিটন অঞ্চলের জল পরিকল্পনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।
প্রস্তাবিত এই নতুন সংস্থাটি প্রচলিত উৎসের পাশাপাশি পুরসভার স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে পরিশোধিত জল সংগ্রহ করে তা শিল্পক্ষেত্রে বণ্টন করবে। পাশাপাশি, বর্তমানে চালু থাকা জল পরিশোধন কেন্দ্রগুলির পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং শিল্পক্ষেত্রে জল সরবরাহের পুরো বিষয়টিকে একটি সুসংহত ব্যবস্থার অধীনে আনার পরিকল্পনাও রয়েছে রাজ্য সরকারের।
মহারাষ্ট্রের একাধিক এলাকায় খরার প্রকোপ বাড়ছে। এর মধ্যেই মুম্বই মেট্রোপলিটন অঞ্চলে আরও বেশি ডেটা সেন্টারের বিনিয়োগ টানার চেষ্টা চালাচ্ছে সরকার। কিন্তু ডেটা সেন্টারগুলিতে বিপুল পরিমাণ জলের প্রয়োজন হওয়ায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সেই প্রেক্ষাপটেই এই পদক্ষেপ।
বৈঠকে জনসংখ্যা বৃদ্ধি, নগরায়ণ এবং শিল্পের চাহিদার কথা মাথায় রেখে মুম্বই মেট্রোপলিটন অঞ্চলের জন্য ২০৫১ সাল এবং পুনে মেট্রোপলিটন অঞ্চলের জন্য ২০৪৭ সাল পর্যন্ত দীর্ঘমেয়াদী জল পরিকল্পনা তৈরির নির্দেশ দিয়েছেন ফড়নবীশ। পরিশোধিত বর্জ্য জলের পুনর্ব্যবহার বাড়ানো, জলের লিকেজ ও অপচয় নিয়ন্ত্রণ, বৃষ্টির জল সংরক্ষণ এবং বিকল্প জলের উৎস খোঁজার ওপর বিশেষ জোর দিয়েছেন তিনি।
অন্যদিকে, ডেটা সেন্টারগুলির পরিবেশগত ও পরিকাঠামোগত প্রভাব খতিয়ে দেখতে ১৭ সদস্যের কমিটি গঠন করেছে রাজ্যের শিল্প দফতর। পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অনিল কাকোদকরের নেতৃত্বাধীন এই কমিটিতে সরকারি আধিকারিক, শিল্পমহলের প্রতিনিধি এবং প্রযুক্তি বিশেষজ্ঞরা রয়েছেন। বিধান পরিষদে ডেটা সেন্টারগুলির বিদ্যুৎ ব্যবহার, জলের চাহিদা, জমি, তাপ ও শব্দদূষণ নিয়ে উদ্বেগ ওঠার পর এই প্যানেল গড়া হয়। তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে কমিটিকে।
বৈঠকে এমএমআরডিএ-র মেট্রোপলিটন কমিশনার সঞ্জয় মুখোপাধ্যায় জানান, মুম্বই মেট্রোপলিটন অঞ্চলের বর্তমান জনসংখ্যা প্রায় ২ কোটি ৭৫ লক্ষ। ২০৫১ সালের মধ্যে দৈনিক ১৬,১৩৯ মিলিয়ন লিটার জলের চাহিদা তৈরি হতে পারে। চালু ও প্রস্তাবিত বাঁধ প্রকল্প, বর্জ্য জল পুনর্ব্যবহার, সেকেন্ডারি ও টারশিয়ারি ট্রিটমেন্ট, আলাদা জল বণ্টন পাইপলাইন এবং বৃষ্টির জল সংরক্ষণের মাধ্যমে এই চাহিদা মেটানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
পুনে মেট্রোপলিটন অঞ্চলের জন্য মধ্য কোঙ্কণের সাবিত্রী নদী অববাহিকার সঙ্গে কুকড়ি, ভীমা, ইন্দ্রাণী, মুলা-মুথা এবং নীরা অববাহিকা যুক্ত করতে প্রাথমিক প্রকল্প রিপোর্ট তৈরির নির্দেশ দিয়েছেন ফড়নবীশ। পিএমআরডিএ-র মেট্রোপলিটন কমিশনার অভিজিৎ চৌধুরী জানান, পুনে অঞ্চলের বর্তমান জনসংখ্যা প্রায় ১ কোটি ৮০ লক্ষ, যা ২০৪৭ সালে বেড়ে ৪ কোটি ১২ লক্ষে পৌঁছতে পারে। বর্তমানে চাহিদা ৪১.৬৫ টিএমসি হলেও সংরক্ষিত জল ৩৬.৯০ টিএমসি। ২০৪৭ সালে চাহিদा বেড়ে প্রায় ১০০ টিএমসি বা দৈনিক ৭,৮১৬ মিলিয়ন লিটারে পৌঁছবে। পাশাপাশি, চলমান জল প্রকল্পগুলি সময়মতো শেষ করা এবং ছাড়পত্র, জমি অধিগ্রহণ ও পুনর্বাসনের কাজ একসঙ্গে এগোনোর নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী।