বিধায়ককে নিজের ‘লেভেল’ চেনালেন কল্যাণ! কেস প্রতি কত লাখ টাকা ফি নেন? ফাঁস করলেন নিজেই

তাঁর পেশা ও আয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন ঋতব্রত শিবিরের তৃণমূল বিধায়ক আখরুজ্জামান। সেই আক্রমণের পাল্টা জবাবে বিধায়ককে নিজের ‘লেভেল’ বুঝিয়ে দিলেন তৃণমূল সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি একটি কেস লড়তে তিনি ঠিক কত টাকা ফি নেন, তাও প্রকাশ্যে আনলেন শ্রীরামপুরের এই সাংসদ।
আখরুজ্জামানের তোপ
কল্যাণ বন্দ্যোপাধ্যায় যদি ৫০ কোটি টাকা আয়কর দিয়ে থাকেন, তবে তাঁর প্রকৃত আয় কত—এই প্রশ্ন তুলেছিলেন ডেমোক্রেটিক তৃণমূলের বিধায়ক আখরুজ্জামান। কল্যাণের আয়ের উৎস নিয়েও সন্দিহান ছিলেন তিনি। তাঁর দাবি ছিল, অতীতে মন্ত্রীদের চাপ দিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ও তাঁর পরিবারকে দিয়ে মামলা লড়ানো হতো। রঘুনাথগঞ্জের এই বিধায়কের আরও দাবি, সরকারের তরফে ‘শ্বেতপত্র’ প্রকাশ করে পুরো বিষয়টির সত্যতা সামনে আনা হোক। কল্যাণের পারিশ্রমিক প্রসঙ্গে ‘স্বজনপোষণ’ এবং জনগণের অর্থের অপচয়ের অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠিও দিয়েছেন আখরুজ্জামান।
পাল্টা জবাব কল্যাণের
আখরুজ্জামানের তোপের কড়া জবাব দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, তাঁর লেভেল সম্পর্কে ওই বিধায়কের কোনও ধারণা আছে কি না, তা নিয়েই প্রশ্ন রয়েছে। কল্যাণের দাবি, তিনি যখন ডিগ্রি পাশ করেছিলেন, তখন আখরুজ্জামানের জন্মই হয়নি। মনু সিংভির বিরুদ্ধে লড়ে সিঙ্গুরের মামলা জেতার কথা মনে করিয়ে দিয়ে তিনি বলেন, রিজওয়ানুরের মামলা লড়ার সময় আখরুজ্জামান হাফ প্যান্ট পরতেন। ২০১৩ সালের পঞ্চায়েত নির্বাচন, ২০১৮ সালের আইনি লড়াই এবং ২০২৩ সালেও সরকারের হয়ে লড়ে জয়ী হওয়ার প্রসঙ্গ টেনে আনেন তিনি।
কেস প্রতি কত ফি নেন কল্যাণ?
নিজের মামলা লড়ার পারিশ্রমিকও এদিন প্রকাশ্যে এনেছেন কল্যাণ। তিনি জানান, ২০২০ সাল থেকে কলকাতা হাইকোর্টে প্রতিটি হিয়ারিংয়ের জন্য তিনি দেড় লক্ষ টাকা করে ফি নেন। আর সুপ্রিম কোর্টে কেস লড়লে হিয়ারিং প্রতি তাঁর ফি তিন লক্ষ টাকা। কল্যাণের কথায়, সাধারণ মানুষের জন্য যে ফি ধার্য করেন, সরকারের ক্ষেত্রেও একই ফি নেন তিনি। নিজেকে প্যানেল আইনজীবী নয়, বরং স্পেশাল কাউন্সিল বলে দাবি করে তিনি জানান, সরকারের সব বিষয়ে তিনি মামলা করেন না।
গরিব মানুষের পাশে দাঁড়িয়ে বিনা পয়সায় বহু মামলা লড়েছেন বলেও দাবি করেন কল্যাণ। তাঁর বক্তব্য, গরিব মানুষের জন্য বিনামূল্যে মামলা লড়ার ক্ষেত্রে তাঁর মতো আর কেউ নেই, একমাত্র বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছাড়া। আখরুজ্জামানের বাবা তাঁর কাছে মামলা নিয়ে আসতেন বলেও দাবি করেন কল্যাণ। তাঁর কথায়, রাজনীতি করেন বলেই কথা বলছেন, নইলে ওই সব মানুষের তাঁর নাম নেওয়ার মতো যোগ্যতা নেই।