ধামি না গণেশ গোদিয়াল? উত্তরাখণ্ডের কুর্সিতে কার পাল্লা ভারী, সমীক্ষায় বড় চমক!

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পদে জনমানসে কার জনপ্রিয়তা বেশি—বর্তমান মুখ্যমন্ত্রী তথা বিজেপির পুষ্কর সিং ধামি, নাকি কংগ্রেস নেতা গণেশ গোদিয়াল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই পরিচালিত হয়েছে News18-এর মেগা সমীক্ষা। সমীক্ষার পরিসংখ্যানে স্পষ্ট হয়েছে যে মুখ্যমন্ত্রী পছন্দের দৌড়ে গণেশ গোদিয়ালের চেয়ে এগিয়ে রয়েছেন পুষ্কর সিং ধামি।
সমীক্ষার তথ্য অনুযায়ী, অংশগ্রহণকারীদের ৪২.৩ শতাংশ মানুষ উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে পুষ্কর সিং ধামিকে যোগ্য মনে করেছেন। অন্যদিকে ৩৫.৩ শতাংশ মানুষের পছন্দ গণেশ গোদিয়াল। তবে ধামি বা গোদিয়াল—কারও নামই নেননি ২২.৪ শতাংশ অংশগ্রহণকারী; ফলে তাঁরা বিকল্প কোনো মুখকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান বলেই মনে করা হচ্ছে। উল্লেখ্য, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় থাকার নজিরও গড়েছেন ধামি।
বয়স, শিক্ষা এবং পেশাভেদে পছন্দের ক্ষেত্রে স্পষ্ট ফারাক ধরা পড়েছে সমীক্ষায়। ৫৫ থেকে ৬৫ বছর এবং ৬৬ বছরের ঊর্ধ্বে বয়সিদের বড় অংশ ধামির পক্ষে মত দিয়েছেন। স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করা উচ্চশিক্ষিত অংশগ্রহণকারীদের মধ্যেও ধামির সমর্থন বেশি। বিপরীতে, ২৬ থেকে ৩৫ বছর বয়সি, বেকার, ভূমিহীন এবং অকৃষি কাজের সঙ্গে যুক্ত অংশগ্রহণকারীদের অধিকাংশের পছন্দ গণেশ গোদিয়াল।
জেলাভিত্তিক চিত্র বিশ্লেষণেও আলাদা প্রবণতা দেখা গেছে। হরিদ্বার জেলার অংশগ্রহণকারীদের মধ্যে যাঁরা মতামত দিয়েছেন, তাঁদের বড় অংশ পুষ্কর সিং ধামির পক্ষে রায় দিয়েছেন; আর উধম সিং নগর জেলায় গণেশ গোদিয়ালের প্রতি ঝোঁক বেশি দেখা গেছে।