তাজমহল ও নিজামুদ্দিন দর্শনের শখ? দিল্লিতে পাক মন্ত্রীকে কড়া ‘না’ দিল ভারত সরকার!

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (SCO)-এর সম্মেলনে যোগ দিতে ভারতে এসেছেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন দপ্তরের মন্ত্রী মুসাদ্দিক মালিক। তবে তাঁর সফর ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে নানা আলোচনা শুরু হয়েছে। জানা গিয়েছে, দিল্লিতে অবস্থানকালে আগ্রার তাজমহল এবং দিল্লির নিজামুদ্দিন দরগা দর্শনের পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু এসসিও বৈঠকের বাইরে অন্য কোনও কর্মসূচিতে যোগ দেওয়ার অনুমতি তাঁকে দেওয়া হয়নি বলে সূত্রের খবর।
এসসিও সম্মেলনে অংশ নিতে ভারতে পাক মন্ত্রী
২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত নয়াদিল্লির ঐতিহাসিক পুরানা কেল্লায় সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সেই সম্মেলনে অংশ নিতেই ভারতে পৌঁছেছেন মুসাদ্দিক মালিক। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্মেলনের পাশাপাশি তাজমহল ও নিজামুদ্দিন দরগা পরিদর্শনেরও ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।
কী জানাল নয়াদিল্লি?
সূত্রের দাবি, মুসাদ্দিক মালিক তাজমহল এবং নিজামুদ্দিন দরগা দর্শনের জন্য অনুমতি চেয়েছিলেন। কিন্তু তাঁকে নিজামুদ্দিন দরগায় যাওয়ার অনুমতি দেওয়া হয়নি এবং তাজমহল দর্শনের বিষয়টিও আপাতত ছাড়পত্রের উপর নির্ভরশীল। ভারত সরকারের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে যে সফর চলাকালীন তিনি কেবল এসসিও-র নির্ধারিত কর্মসূচিতেই অংশ নিতে পারবেন; এর বাইরে অন্য কোথাও যাওয়ার অনুমতি নেই।