‘খুনের রাজনীতি করলে সমূলে বিনাশ!’ বিজেপি নেতা হত্যায় ১৫ দিনের চরম ডেডলাইন বেঁধে দিলেন জিতেন্দ্র তিওয়ারি

দুর্গাপুরের ফরিদপুর থানা এলাকার জব্বর পল্লিতে বিজেপির ওবিসি মোর্চার সাধারণ সম্পাদক সায়ন দাস ওরফে শ্যাম খুনের ঘটনায় এবার তীব্র হুঁশিয়ারি দিলেন পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। শুক্রবার জেমুয়া থেকে তিনি স্পষ্ট জানান, তাঁর এনকাউন্টার পছন্দ নয়, তবে পাণ্ডবেশ্বর বিধানসভা এলাকায় কেউ যদি ‘খুনের রাজনীতি’ করার চেষ্টা করে, তবে তাকে সমূলে বিনাশ করা হবে। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই এই হত্যাকাণ্ডে অভিযুক্তদের ‘গুঁড়িয়ে’ দেওয়া হবে বলেও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন তিনি।

গত ১১ নভেম্বর রাতে ফরিদপুরের জব্বর পল্লিতে খুন হন বিজেপি নেতা সায়ন দাস। এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই এলাকার তিন যুবক—অজয় নন্দী, বিজয় নন্দী এবং প্রসূন পাণ্ডেকে গ্রেফতার করেছে। এ দিন সেই প্রসঙ্গ টেনে বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি বলেন, “গ্রেফতার হয়েছে ঠিকই, তবে শুধু গ্রেফতারিই শেষ কথা নয়। আমার এলাকা অর্থাৎ পাণ্ডবেশ্বর বিধানসভায় কেউ যদি খুনের রাজনীতি করে, তবে তাকে গুঁড়িয়ে দেওয়ার দায়িত্ব আমার। আগামী ১৫ থেকে ২০ দিনের মধ্যেই ওদের সমূলে বিনাশ করা হবে।”

বিধায়কের এই মন্তব্যে কি তবে ‘এনকাউন্টার’-এর ইঙ্গিত রয়েছে? সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে জিতেন্দ্র তিওয়ারি বলেন, “আমরা এনকাউন্টার পছন্দ করি না। তবে এটুকু বলতে পারি, এদের নিশ্চিহ্ন করে দেব। এই মাটিতে ওদের কোনো স্থান থাকবে না। নিশ্চিন্ত থাকুন, এক মাসের মধ্যেই আমরা তা করে দেখাব। আমরা শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে থাকতে ভালোবাসি। কিন্তু এক-দু’জন যদি মনে করে খুন করে আবার পুরনো অশান্তির পরিবেশ ফিরিয়ে আনবে, তবে আইনের মধ্যে থেকেই যা করার আমরা করে দেব।”

অন্যদিকে, বিজেপি নেতা খুনের প্রকৃত কারণ নিয়ে ভিন্ন তত্ত্ব সামনে এনেছে পুলিশ প্রশাসন। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার (পূর্ব) রাসপ্রীত সিং জানান, প্রাথমিক তদন্তে উঠে এসেছে যে এই হত্যাকাণ্ডের নেপথ্যে জমি সংক্রান্ত পুরনো বিবাদ রয়েছে। এলাকার জমি সংক্রান্ত জটিলতা নিয়ে পুলিশ পূর্ণাঙ্গ তদন্ত চালাচ্ছে এবং এই ঘটনার সঙ্গে আরও যাঁরা জড়িত রয়েছেন, তাঁদের প্রত্যেকের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।