সস্তা হচ্ছে সোনা-রুপো, বাড়ছে বিনিয়োগকারীদের ধাঁধা! কী বলছেন বিশেষজ্ঞরা?

সোনা ও রুপোর দামে ধারাবাহিক পতন দেখা যাচ্ছে দেশের বাজারে। এমসিএক্স বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে দুই মূল্যবান ধাতুর উপর তীব্র বিক্রির চাপ তৈরি হয়েছে। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে রুপো, যার দাম এক ধাক্কায় ৬ শতাংশেরও বেশি নেমে গেছে। অন্যদিকে সোনার দামও ৪ শতাংশের বেশি কমেছে। এই পরিস্থিতিতে সাধারণ বিনিয়োগকারীদের মনে বড় প্রশ্ন উঠেছে, এখনই সোনা ও রুপো কেনার সঠিক সময় কি না, নাকি সামনে দাম আরও নিচে নামতে পারে।

এমসিএক্স-এ সকাল ১০টা ৪৯ মিনিট নাগাদ সোনার ফিউচার্সের দর প্রতি ১০ গ্রামে ১,২১,৬৬৩ টাকায় পৌঁছায়, যা আগের দিনের তুলনায় ৪.৫৪ শতাংশ কম। একই সময়ে রুপোর ফিউচার্সের দাম প্রতি কেজিতে ১,৪৭,৪৬৪ টাকায় নেমে আসে, যা ৬.৩৬ শতাংশ পতন। দাম কমার এই প্রবণতায় খুচরো বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা ও উদ্বেগ বেড়েছে।

দাম কমার পেছনে একাধিক কারণ কাজ করছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা। ফিউচার্স মার্কেটে ব্যাপক বিক্রির চাপের পাশাপাশি মুদ্রার বিনিময় হারের ওঠানামাও দামে প্রভাব ফেলছে। টাকার মান শক্তিশালী হওয়ায় বিদেশ থেকে আমদানি করা সোনা তুলনামূলকভাবে সস্তা হয়ে উঠছে। এর ফলে দেশের বাজারে সোনার উপর অতিরিক্ত বিক্রির চাপ তৈরি হয়েছে। সোনার তুলনায় রুপোর পতন আরও বেশি হওয়ার কারণ হিসেবে ফিউচার্স বাজারে রুপোর উপর বাড়তি বিক্রির চাপকেই সামনে আনছেন বিশেষজ্ঞরা।

দাম আর কতটা কমতে পারে, তা নিয়ে সাপোর্ট লেভেলের হিসাব তুলে ধরেছেন এনরিচ মানির সিইও পনমুদি। তাঁর মতে, সোনার দাম বর্তমানে ১,২২,০০০ থেকে ১,২২,৮০০ টাকার গুরুত্বপূর্ণ সাপোর্ট জোনের কাছাকাছি রয়েছে। এই স্তরের নীচে দাম স্থায়ীভাবে নেমে গেলে পরবর্তী সাপোর্ট জোন হতে পারে ১,১৮,০০০ থেকে ১,১৯,০০০ টাকা। অন্যদিকে রুপোর তাৎক্ষণিক সাপোর্ট জোন রয়েছে প্রতি কেজিতে ১,৪৮,০০০ থেকে ১,৫০,০০০ টাকার মধ্যে। এই সীমা ভেঙে নীচে নামলে পরবর্তী সাপোর্ট স্তর হতে পারে ১,৪০,০০০ থেকে ১,৪২,০০০ টাকা।

দাম পড়ে যাওয়ায় অনেকেই এখন কেনার সুযোগ খুঁজছেন, তবে শুধু দর কমেছে বলেই তাড়াহুড়ো করে বড় অঙ্কের বিনিয়োগ না করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। দুই ধাতুতেই বিক্রির চাপ থাকায় এবং গুরুত্বপূর্ণ সাপোর্ট স্তর পরীক্ষা চলার কারণে দাম কিছুটা থিতু হওয়া পর্যন্ত অপেক্ষা করা যুক্তিযুক্ত বলে মত তাঁদের। দীর্ঘমেয়াদে সোনায় বিনিয়োগের ক্ষেত্রে সর্বনিম্ন দর ধরার চেষ্টা না করে অ্যাসেট অ্যালোকেশন ও আর্থিক লক্ষ্যের দিকে নজর দেওয়া উচিত। একসঙ্গে পুরো টাকা না ঢেলে ধাপে ধাপে অল্প পরিমাণে কেনাকাটা করলে ঝুঁকি নিয়ন্ত্রণে রাখা যায়।

রুপোর ক্ষেত্রে বিনিয়োগকারীদের আরও বেশি সতর্ক থাকার কথা বলা হচ্ছে, কারণ এতে দামের ওঠানামা সোনার চেয়ে বেশি এবং পতনের হারও তীব্র। সিলভার ইটিএফ বা বাজারভিত্তিক অন্য মাধ্যমে বিনিয়োগ করলে বড় দোলাচলের জন্য প্রস্তুত থাকতে হবে। যাঁরা আগে থেকেই সোনা বা রুপোয় বিনিয়োগ করে রেখেছেন, তাঁদের অযথা আতঙ্কিত না হয়ে বিনিয়োগের মেয়াদ ও সার্বিক পোর্টফোলিওর ভারসাম্য বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত।

(বিশেষ দ্রষ্টব্য: এই প্রতিবেদনে উল্লেখিত মতামত ও বিশ্লেষণ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিজস্ব। বিনিয়োগের আগে যোগ্য আর্থিক পরামর্শদাতার সঙ্গে কথা বলা বাঞ্ছনীয়।)