চোট সারিয়ে ফিরেই ৩ উইকেট! গম্ভীরের কোন কথায় ঘুরে দাঁড়ালেন আকাশ দীপ?

পিঠের চোট সারিয়ে দীর্ঘ বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টেই চমক দেখালেন জোরে বোলার আকাশ দীপ। দ্বিতীয় দিনের শেষে ৫৩ রান দিয়ে ৩টি উইকেট তুলে নিয়ে কিউয়িদের ৩৬৮ রানে গুটিয়ে দেওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছেন তিনি। বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সিলেন্সে পুনর্বাসনের সময় প্রধান কোচ গৌতম গম্ভীরের নিয়মিত খোঁজখবর নেওয়া এবং পাশে থাকার বিষয়টি তাঁর কাছে কতটা মূল্যবান ছিল, তা অকপটে জানিয়েছেন আকাশ। ২০২৫ সালের আগস্ট মাস থেকে কোমর ও পিঠের যন্ত্রণায় শীর্ষ পর্যায়ের ক্রিকেট থেকে দূরে ছিলেন এই পেসার।
প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে আকাশ দীপ বলেন, চোট সারানোর কঠিন সময়ে জিজি অর্থাৎ গম্ভীর স্যার নিয়মিত যোগাযোগ রাখতেন এবং তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিতেন। সেই সময় নিজের বোলিংয়ের দুর্বল জায়গাগুলো শুধরে নেওয়ার ওপর জোর দিয়েছিলেন তিনি। তাঁর কথায়, দেড় বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বলে মনেই হয়নি। ভারত এ দলের হয়ে খেলে ছন্দে ফেরার পথ তৈরি করেছিলেন আকাশ এবং সেই পারফরম্যান্সে তিনি যথেষ্ট সন্তুষ্ট ছিলেন।
শতক হাঁকানো গ্লেন ফিলিপসকে ভেতরে ঢোকা বলে বোল্ড করা প্রসঙ্গে আকাশ জানান, সেটি কোনও জাদুকরী ডেলিভারি ছিল না; নির্দিষ্ট জায়গায় বল করার চেষ্টা ও বাড়তি জোর দেওয়ার ফলেই সাফল্য এসেছে। প্রথম দিনের শেষ দুই সেশনে পুরনো বলে বোলিং করার চ্যালেঞ্জ কাটিয়ে নতুন বলে স্বস্তি পাওয়ার কথাও উল্লেখ করেন তিনি। ব্যাটিংয়ের জন্য ক্রমশ সহজ হয়ে আসা পিচে রান আটকে ধৈর্য ধরে কৌশল মেনে চলা জরুরি বলে মনে করেন আকাশ। পাশাপাশি যশস্বী জয়সওয়াল ও কেএল রাহুলের দ্রুত শুরুয়াতের প্রশংসা করে তিনি জানান, ভারতের প্রথম ইনিংসে ১ উইকেটে ১৫৯ রান তোলার পথে ব্যাটারদের এমন আগ্রাসী মানসিকতা যেকোনও প্রতিপক্ষের বোলারকেই চাপে ফেলে দেয়।