সুকমায় গ্রামছাড়া আদিবাসী পরিবারের মামলা শুনবে না দিল্লি হাইকোর্ট! কেন ছত্তিশগড় যাওয়ার নির্দেশ?

ছত্তিশগড়ের সুকমা জেলায় আদিবাসী খ্রিস্টান পরিবারগুলোর কথিত জোরপূর্বক ধর্মান্তকরণ, মারধর এবং গ্রাম থেকে উচ্ছেদের মামলায় দায়ের হওয়া আবেদন শুনতে অস্বীকার করেছে দিল্লি হাইকোর্ট। আদালত জানিয়েছে, এই মামলার শুনানির জন্য ছত্তিশগড় হাইকোর্টই উপযুক্ত ফোরাম, কারণ ঘটনার সঙ্গে যুক্ত সমস্ত দিক ছত্তিশগড়ের সুকমা জেলার সঙ্গে সম্পর্কিত। বিচারপতি স্বর্ণ কান্তা শর্মার বেঞ্চ স্পষ্ট করেছে যে জাতীয় মানবাধিকার কমিশন বা এনএইচআরসি-র সদর দফতর দিল্লিতে থাকা এবং কমিশনের পক্ষ থেকে দিল্লিতে আদেশ জারি হওয়ার কারণেই দিল্লি হাইকোর্টের এই মামলার শুনানির এখতিয়ার তৈরি হয় না।

আবেদনকারী বামন রাম কাওয়াসি আদালতে আবেদন করে অভিযোগ তুলেছিলেন যে সুকমার চিতলনার গ্রামে খ্রিস্টান ধর্মাবলম্বী বেশ কয়েকটি আদিবাসী পরিবারকে হিন্দু ধর্ম গ্রহণে চাপ ও হুমকি দেওয়া হয় এবং অস্বীকার করলে গ্রাম ছাড়তে বাধ্য করা হয়। আবেদনের দাবি অনুযায়ী, ৫ মার্চ স্থানীয় পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে একদল লোক ওই পরিবারগুলোর বাড়িতে ঢুকে ধর্ম পরিবর্তন অথবা গ্রাম ছাড়ার কথা বলে। প্রতিবাদ করলে দু’জনকে লাঠি দিয়ে মারধর করা হয় এবং তাঁদের সুকমা জেলা হাসপাতালে ভর্তি করতে হয়। প্রাণনাশের হুমকির জেরে নারী, শিশু ও বৃদ্ধদের নিয়ে বহু পরিবার গ্রাম ছেড়ে সুকমা শহরে অস্থায়ী আশ্রয়ে যেতে বাধ্য হয়; ১৭ মার্চ ফের হুমকি দেওয়া হয় যে ধর্ম না ছাড়লে গ্রামে ফিরলে প্রাণে মেরে ফেলা হবে।

বিচার না পাওয়ার অভিযোগে আবেদনকারী এনএইচআরসি-র দ্বারস্থ হন। ৯ জুন কমিশন অভিযোগটি নিষ্পত্তি করে সুকমার জেলাশাসক ও পুলিশ সুপারের কাছে পাঠায় এবং আট সপ্তাহের মধ্যে ব্যবস্থা নিয়ে অভিযোগকারী ও ভুক্তভোগীদের অন্তর্ভুক্ত করার নির্দেশ দেয়। ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে গিয়ে আবেদনকারীর দাবি ছিল, কমিশনের নির্দেশকে চূড়ান্ত নিষ্পত্তি না ধরে অন্তর্বর্তী নির্দেশ হিসেবে গণ্য করে পুনর্বিবেচনা করা হোক এবং নিষ্পত্তির আগে শুনানির সুযোগ দেওয়া হোক।

কেন্দ্রীয় সরকার আবেদনের বিরোধিতা করে জানায়, কথিত ঘটনা, উচ্ছেদ ও স্থানীয় প্রশাসনের নিষ্ক্রিয়তা—সবই সুকমা সংক্রান্ত, তাই শুনানি ছত্তিশগড় হাইকোর্টে হওয়া উচিত। দিল্লি হাইকোর্ট এই যুক্তি মেনে নিয়ে জানায় যে কমিশন অধিকারের চূড়ান্ত ফয়সালা করেনি, বরং পদক্ষেপের জন্য স্থানীয় কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে। আদালত আরও উল্লেখ করে যে সুকমার ঘটনা, পুলিশ ও প্রশাসনের ভূমিকা এবং কমিশনের নির্দেশের বাস্তবায়ন খতিয়ে দেখতে হবে, অথচ ছত্তিশগড় সরকার, জেলাশাসক ও পুলিশ সুপারকে মামলাতেই পক্ষ করা হয়নি। দিল্লিতে এনএইচআরসি-র দফতর থাকার যুক্তিতে দেশের যেকোনও প্রান্তের মামলা দিল্লি হাইকোর্টে এলে তার প্রভাব সুদূরপ্রসারী হবে বলে মনে করে আদালত। ফলে আঞ্চলিক এখতিয়ারের অভাব ও ফোরাম কনভিনিয়েন্স নীতির ভিত্তিতে আবেদন খারিজ করে ছত্তিশগড় হাইকোর্টসহ উপযুক্ত মঞ্চে যাওয়ার ছাড় দেওয়া হয়, যদিও অভিযোগগুলোর সত্যতা বা গুণাগুণ নিয়ে আদালত কোনও মন্তব্য করেনি।