১.০৭ লাখ কোটির বিনিয়োগ প্রস্তাব ও ২০ হাজার চাকরি! ছত্তিশগড় শিল্প সংলাপে বড় চমক

মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাইয়ের নেতৃত্বে শিল্প বিনিয়োগ ও অর্থনৈতিক উন্নয়নের নতুন কেন্দ্র হিসেবে দ্রুত উঠে আসছে ছত্তিশগড়। রাজ্য সরকারের নতুন শিল্পোন্নয়ন নীতি ও বিনিয়োগবান্ধব পরিবেশের ইতিবাচক প্রভাব পড়ছে। নয়া রায়পুরে আয়োজিত ছত্তিশগড় ইন্ডাস্ট্রি ডায়ালগ চ্যাপ্টার-৩-এ ২৪টি শিল্পগোষ্ঠীর মাধ্যমে ১ লক্ষ ৭ হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের প্রস্তাব এসেছে, যা থেকে রাজ্যে প্রায় ২০ হাজার যুবকের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।

অনুষ্ঠানে বিনিয়োগকারী সংস্থার প্রতিনিধিদের হাতে ‘ইনভিটেশন টু ইনভেস্ট’ পত্র তুলে দেন মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই এবং শিল্পপতিদের সঙ্গে আলোচনা করে শিল্প স্থাপন থেকে প্রকল্প রূপায়ণে পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন। তাঁর কথায়, ছত্তিশগড়ে প্রয়োজনীয় সম্পদ, উন্নত পরিকাঠামো, বিদ্যুৎ-জল, দক্ষ মানবসম্পদ এবং দেশের মধ্যভাগে অবস্থানের কারণে যোগাযোগ ও বাজারের সুবিধা রয়েছে। আগামী মাসে রাজ্য সরকারের তিন বছর পূর্ণ হতে চলেছে; এই সময়ে নতুন শিল্পনীতি ও বিভিন্ন বিনিয়োগ সম্মেলনের মাধ্যমে প্রায় দেড়-দু’বছরে সাড়ে ৮ লক্ষ কোটি টাকার বেশি বিনিয়োগ প্রস্তাব মিলেছে এবং প্রায় ৬০টি শিল্প প্রকল্পে কাজও শুরু হয়েছে।

সংশ্লিষ্ট আধিকারিকদের মতে, সিঙ্গল উইন্ডো ব্যবস্থাকে আরও কার্যকর করা হয়েছে এবং জন বিশ্বাস আইনের মাধ্যমে ছোটখাটো ত্রুটিতে ফৌজদারি শাস্তির বদলে আর্থিক জরিমানার ব্যবস্থা করে আস্থার পরিবেশ গড়া হয়েছে। নিরাপত্তা বাহিনীর অভিযানে নকশালবাদ শেষের পথে হওয়ায় বস্তারের প্রত্যন্ত এলাকায় সড়ক, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার প্রসার ঘটছে, যা শিল্প, পর্যটন ও কৃষি প্রক্রিয়াকরণে নতুন সম্ভাবনা খুলছে। মুখ্যসচিব বিকাশ শীল জানান, চিত্রকোট জলপ্রপাতকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পাশাপাশি বনাঞ্চল, কৃষি, ক্ষুদ্র বনজ সম্পদ এবং সেমিকন্ডাক্টর, এআই, ডেটা সেন্টার ও মহাকাশ প্রযুক্তির মতো ভবিষ্যতের খাতেও গুরুত্ব দেওয়া হচ্ছে। শিল্পসচিব রজত কুমারও প্রক্রিয়া সহজীকরণ ও প্রস্তাবগুলোকে বাস্তব কারখানায় রূপ দেওয়ার কথা তুলে ধরেন।