বই, নাটক ও গানের যুগলবন্দি—বেলেঘাটার এই উৎসব মিস করবেন না!

প্রায় তিন দশকের অপেক্ষার অবসান ঘটিয়ে বেলেঘাটায় ফের বসতে চলেছে বইমেলার আসর। আগামী ২৯ ও ৩০ নভেম্বর বেলেঘাটার সরকার বাজার সুভাষ পার্কে অনুষ্ঠিত হতে চলেছে ‘কল্লোলিনী বইমেলা ও সাহিত্য উৎসব ২০২৬’। শব্দরেণু প্রকাশনার উদ্যোগে এবং বেলেঘাটা সরকার বাজার মিলন সংঘের সহযোগিতায় আয়োজিত এই দু’দিনের উৎসবে বইয়ের পাশাপাশি সাহিত্য, নাটক, চলচ্চিত্র ও সংস্কৃতির নানা দিক তুলে ধরা হবে। আয়োজকদের দাবি, প্রায় ৩০ বছর পর বেলেঘাটায় এত বড় পরিসরে বই ও লিটল ম্যাগাজিনকে কেন্দ্র করে এমন আয়োজন হচ্ছে।
কলকাতার আন্তর্জাতিক বইমেলার আগে শহরের অন্যতম পুরনো জনপদে এই উদ্যোগ ঘিরে ইতিমধ্যেই বইপ্রেমীদের মধ্যে উৎসাহ তৈরি হয়েছে। ৩০টিরও বেশি প্রকাশনা সংস্থা এই মেলায় অংশ নিচ্ছে। প্রতিষ্ঠিত প্রকাশনা সংস্থার বইয়ের পাশাপাশি থাকছে ছোটদের সাহিত্য, লিটল ম্যাগাজিন এবং নানা স্বাদের নতুন বই। প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি নতুন লেখক ও স্বাধীন প্রকাশকদেরও পাঠকের সামনে তুলে ধরতে চান উদ্যোক্তারা। ডিজিটাল যুগে নতুন প্রজন্মের মধ্যে বই পড়ার অভ্যাস ফিরিয়ে আনাও এই উৎসবের অন্যতম লক্ষ্য।
বইমেলার অন্যতম আকর্ষণ একাধিক নতুন বইয়ের প্রকাশ। শব্দরেণু প্রকাশনা থেকে প্রকাশিত হবে পরিচালক সন্দীপন রায়ের ছোটদের বই ‘বাঘের মুখে বুকুন’ এবং অভিনেতা শুভায়ু ভট্টাচার্যের গল্পগ্রন্থ ‘দ্বাদশ অধ্যায়’। পাশাপাশি থাকছে ইন্টারন্যাশনাল কলকাতা শর্ট ফিল্ম ফেস্টিভ্যালের চেয়ারম্যান তথা লেখক সৌরভ চক্রবর্তীর প্রকাশিত বই ‘অপ্রকাশিত আমি’। কমিকস লেখক ও অভিনেতা ঈশান মজুমদারও ছোটদের বই ও প্রকাশনা নিয়ে উপস্থিত থাকবেন। শিশু-কিশোর সাহিত্য থেকে সমকালীন লেখালেখি, সব প্রজন্মের পাঠককে এক মঞ্চে আনার পরিকল্পনা রয়েছে।
দু’দিনের উৎসবে বই কেনাবেচার পাশাপাশি থাকছে নানা সাংস্কৃতিক আয়োজন। ২৯ নভেম্বর দুপুর ২টোয় উৎসবের উদ্বোধন হবে, বিকেল ৩টেয় কবি সম্মেলন, সন্ধ্যা ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাত ৮টায় ‘শব্দবাজি’-র পরিচালনায় তন্ময় রায়চৌধুরীর বিশেষ পরিবেশনা থাকছে। ৩০ নভেম্বর দুপুর ২টোয় ক্যানভাস পেইন্টিং ও সংগীতের যুগলবন্দি এবং বিকেল ৪টেয় সাহিত্যিক বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে বিশেষ আবৃত্তি ও আলোচনা হবে। কবি রামকিশোর ভট্টাচার্য, চৈতালি চট্টোপাধ্যায়, রীনা গিরি, বাচিকশিল্পী সতীনাথ মুখোপাধ্যায়, পরিচালক সুমন মৈত্র, নাট্যব্যক্তিত্ব অশোক রায়, অভিনেতা ফাল্গুনী চট্টোপাধ্যায়, শুভ্রজিৎ দত্ত, সুদীপ মুখোপাধ্যায় ও বিভান ঘোষ-সহ বহু বিশিष्ट ব্যক্তিত্ব এই মিলনমেলায় উপস্থিত থাকবেন।
পরিচালন কমিটির মতে, দীর্ঘদিন পর বেলেঘাটায় এই বইমেলা করে সাহিত্য, সংস্কৃতি ও মানুষের মধ্যে সুন্দর সংযোগ তৈরি করাই মূল উদ্দেশ্য; বেলেঘাটা সরকার বাজার মিলন সংঘের সহযোগিতায় তা সম্ভব হচ্ছে। শব্দরেণু প্রকাশনার কর্ণধার ও সম্পাদিকা প্রিয়াঙ্গনা দীর্ঘাঙ্গী জানান, বই ও সাহিত্যকে ঘিরে আবেগ ও ভালোবাসার নতুন ঠিকানা হয়ে উঠুক ‘কল্লোলিনী’, এবং সকল বইপ্রেমীকে উৎসবে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান। আয়োজকদের লক্ষ্য, ‘কল্লোলিনী’কে কেবল দু’দিনের মেলায় সীমাবদ্ধ না রেখে বেলেঘাটার নিজস্ব সাহিত্য-সংস্কৃতির পরিচয়ে পরিণত করা। ২৯ ও ৩০ নভেম্বর দুপুর ২টো থেকে রাত ৯টা পর্যন্ত বেলেঘাটা সরকার বাজার সুভাষ পার্কে চলবে এই উৎসব।