ভারতের মাটিতে প্রথমবার গোলাবর্ষণের মহড়া জাপানের! ‘২+২’ বৈঠকে বড় প্রতিরক্ষা চুক্তি

ভারত ও জাপান তাদের প্রতিরক্ষা ও কৌশলগত সহযোগিতা আরও গভীর করতে বড়সড় পদক্ষেপ নিয়েছে। টোকিওতে অনুষ্ঠিত চতুর্থ ‘২+২’ মন্ত্রী পর্যায়ের বৈঠকে দুই দেশের প্রতিরক্ষা ও বিদেশমন্ত্রীরা অংশ নেন। ভারতের পক্ষে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী ড. এস জয়শঙ্কর উপস্থিত ছিলেন; জাপানের হয়ে অংশ নেন বিদেশমন্ত্রী তোশিমিতসু মোতেগি এবং প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি। বৈঠকে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা, সামুদ্রিক সুরক্ষা, সন্ত্রাস দমন এবং প্রতিরক্ষা প্রযুক্তিতে সমন্বয় বাড়ানোর ওপর জোর দেওয়া হয় এবং একতরফাভাবে স্থিতাবস্থা বদলের প্রচেষ্টার বিরোধিতা করা হয়।

বৈঠকের অন্যতম উল্লেখযোগ্য সিদ্ধান্ত অনুযায়ী, জাপানের সেলফ-ডিফেন্স ফোর্স প্রথমবারের মতো ভারতের ফায়ারিং রেঞ্জে লাইভ-ফায়ার প্রশিক্ষণ ও মহড়া চালাবে। জাহাজ-বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের অনুশীলনসহ এই মহড়ার রূপরেখায় একটি লেটার অফ ইনটেন্ট স্বাক্ষরিত হয়েছে। পাশাপাশি যৌথ সামরিক মহড়ায় ড্রোন ও চালকবিহীন ব্যবস্থা যুক্ত করার পাশাপাশি স্বল্প নোটিশে মহড়া চালানোর সক্ষমতা তৈরিতে দুই দেশ একমত হয়েছে। প্রতিরক্ষা উৎপাদনে ‘ডিজাইন উইথ জাপান, মেক ইন ইন্ডিয়া’ উদ্যোগের আওতায় শিল্প সহযোগিতা বাড়ানো হবে এবং ইউনিকর্ন চুক্তি দ্রুত চূড়ান্ত করার পাশাপাশি ২০২৭ সালের ফেব্রুয়ারির মধ্যে প্রয়োজনীয়তার স্বীকৃতি দেওয়ার আশা প্রকাশ করা হয়েছে।

সামুদ্রিক নিরাপত্তা সহযোগিতা চুক্তির আওতায় ভারতীয় নৌবাহিনী ও জাপানের মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের সমন্বয় আরও দৃঢ় হবে। সামুদ্রিক ও আকাশসীমা নজরদারি, তথ্য বিনিময়, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, দুর্যোগ মোকাবিলা, নৌ-মাইন প্রতিরোধ এবং যুদ্ধজাহাজের নকশা ও নির্মাণে যৌথ উদ্যোগ খতিয়ে দেখা হবে। এ ছাড়া এআই-চালিত সাইবার হামলা মোকাবিলা, গুরুত্বপূর্ণ পরিকাঠামোর সুরক্ষা, মহাকাশ প্রযুক্তি, স্যাটেলাইট নজরদারি এবং ইন্দো-প্যাসিফিকে নিরাপদ ও উচ্চগতির সাবমেরিন কেবল নেটওয়ার্ক গড়ার বিষয়েও সিদ্ধান্ত হয়েছে।

আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদসহ সব ধরনের সন্ত্রাস ও চরমপন্থার তীব্র নিন্দা জানিয়ে আল-কায়েদা, আইএসআইএস, লস্কর-ই-তৈবা ও জইশ-ই-মোহাম্মদের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ, সন্ত্রাসের অর্থায়ন বন্ধ এবং নিরাপদ আশ্রয়স্থল নির্মূলের তাগিদ দেওয়া হয়েছে। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে স্থায়ী ও অস্থায়ী আসন বাড়ানোর সংস্কারের পক্ষে সওয়াল করে পরস্পরের স্থায়ী সদস্যপদ লাভের দাবিকে সমর্থন জানিয়েছে দুই দেশ। কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তিতে ২০২৭ সালকে ‘ভারত-জাপান শেয়ারড হরাইজনস ইয়ার’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পরবর্তী ‘২+২’ বৈঠক ভারতে হবে।