খোলা জঙ্গলেই ৪ শাবক! বতসোয়ানা থেকে আসা চিতার ঐতিহাসিক সাফল্যে উচ্ছ্বসিত কুনো

কুনো জাতীয় উদ্যানে ফের সাফল্যের নতুন অধ্যায় যুক্ত হল। বতসোয়ানা থেকে নিয়ে আসা একটি চিতা চারটি শাবকের জন্ম দিয়েছে, যার ফলে দেশে চিতার মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬২-তে। শুক্রবার এই সুখবর দিয়েছেন কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব।
বন দফতর সূত্রে জানা গিয়েছে, মা চিতাটির নাম কেওএমজি ৩ এবং তার বয়স আড়াই বছর। বতসোয়ানা থেকে আনা চিতাদের মধ্যে এই প্রথম কোনও চিতা ভারতের মাটিতে শাবকের জন্ম দিল। বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ, ঘেরাটোপের বাইরে সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে টানা চার মাসেরও বেশি সময় কাটানোর পর উন্মুক্ত জঙ্গলেই শাবকদের জন্ম দিয়েছে সে। ২০২২ সালে দেশে প্রজেক্ট চিতা শুরু হওয়ার পর থেকে খোলা জঙ্গলে চিতার প্রসবের এটি দ্বিতীয় ঘটনা।
এর আগে চলতি বছরের ১১ এপ্রিল কুনোর খোলা বনাঞ্চলে প্রথম শাবক জন্মের ঘটনা ঘটেছিল। দক্ষিণ আফ্রিকা থেকে আনা চিতা গামিনীর ভারতে জন্মানো শাবক কেজিপি১২ সেদিন চারটি ছানার জন্ম দেয়। ভারতের মাটিতে জন্মানো দ্বিতীয় প্রজন্মের কোনও চিতার খোলা জঙ্গলে বংশবিস্তার করার সেটাই ছিল প্রথম নজির। এবার কেওএমজি ৩-এর চার শাবক মিলিয়ে দেশের মোট ৬২টি চিতার মধ্যে ৪৩টিরই জন্ম হল ভারতে। পরিবেশবিদদের মতে, এ দেশের আবহাওয়া ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে চিতারা যে পুরোপুরি মানিয়ে নিয়েছে এবং বংশবিস্তারে সক্ষম হয়েছে, এই পরিসংখ্যানই তার বড় প্রমাণ।
১৯৫২ সালে ভারত থেকে চিতা বিলুপ্ত বলে ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ সাত দশক পর বিশ্বের দ্রুততম এই স্থলচর প্রাণীটিকে এ দেশে ফিরিয়ে আনতে ২০২২ সালের ১৭ সেপ্টেম্বর প্রজেক্ট চিতার সূচনা হয়। এক মহাদেশ থেকে অন্য মহাদেশে বড় মাংসাশী প্রাণী স্থানান্তরের এমন নজির বিশ্বে এই প্রথম। প্রকল্পের শুরুতে ২০২২ সালের সেপ্টেম্বরে নামিবিয়া থেকে আটটি চিতা আনা হয়েছিল। এরপর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকা থেকে আসে আরও ১২টি চিতা। সবশেষে চলতি ২০২৬ সালে বতসোয়ানা থেকে নিয়ে আসা হয় আরও নয়টি চিতা।
আপাতত মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানই এই চিতাদের প্রধান ঠিকানা। তবে ভবিষ্যতে দেশের অন্যান্য উপযুক্ত বনাঞ্চলেও এদের ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে প্রশাসনের। নতুন চার শাবকের জন্ম ভারতের চিতা সংরক্ষণ প্রকল্পকে আরও এক ধাপ এগিয়ে দিল।