পড়ে গেলেও চিন্তা নেই! মিলিটারি গ্রেড সুরক্ষা ও ডোরস্টেপ সার্ভিস নিয়ে চমক লাভার নতুন ফোনের

নয়ডাভিত্তিক স্মার্টফোন নির্মাতা সংস্থা লাভা ভারতে লঞ্চ করল তাদের নতুন বাজেট স্মার্টফোন লাভা স্মার্ট ৪ প্রো। এর আগে এই সিরিজে লাভা স্মার্ট ৪ এবং লাভা স্মার্ট ৪ প্লাস বাজারে এসেছে, আর এবার লাইনআপে যুক্ত হল তৃতীয় এই মডেলটি। ফোনটির দাম রাখা হয়েছে ১০,৯৯৯ টাকা, যেখানে ব্যবহারকারীরা পাবেন ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজের একটি মাত্র ভ্যারিয়েন্ট। কোণার্ক গোল্ড এবং নীলাম ব্লু—এই দুটি রঙে ফোনটি বাজারে আনা হয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে, অনলাইন ও দেশের বিভিন্ন শহরের রিটেল আউটলেটের পাশাপাশি অফলাইন স্টোরেও এটি পাওয়া যাবে এবং গ্রাহকদের জন্য থাকছে বিনামূল্যে ডোরস্টেপ সার্ভিসের সুবিধা।

নতুন এই ফোনের অন্যতম বড় আকর্ষণ হল এর ৭,০০০mAh ক্ষমতার বিশাল ব্যাটারি, যার সঙ্গে রয়েছে ১৮ ওয়াট ফাস্ট চার্জিং এবং ইউএসবি টাইপ-সি পোর্ট। দীর্ঘ সময় ব্যাকআপ দেওয়ার পাশাপাশি সংস্থার দাবি, এতে স্ট্যান্ডবাই টাইম পাওয়া যাবে ৯৫০ ঘণ্টা পর্যন্ত এবং একটানা ৭৪৮ মিনিট পর্যন্ত ইউটিউব দেখা যাবে। ফোনটিতে রয়েছে ৬.৭৫ ইঞ্চির এইচডি প্লাস এলসিডি টাচস্ক্রিন, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। পাশাপাশি ধাক্কা ও পড়ে যাওয়ার হাত থেকে সুরক্ষার জন্য এতে দেওয়া হয়েছে MIL-STD-810H মিলিটারি গ্রেড সার্টিফিকেশন।

পারফরম্যান্সের জন্য এই স্মার্টফোনে ব্যবহার করা হয়েছে ১২ ন্যানোমিটার প্রসেসে তৈরি অক্টা-কোর ইউনিসক টি৬১০ চিপসেট, যার পিক ক্লক স্পিড ১.৮ গিগাহার্টজ। ৪ জিবি ফিজিক্যাল র‍্যামের পাশাপাশি আরও ৪ জিবি ভার্চুয়াল র‍্যাম সম্প্রসারণের সুবিধা থাকায় ফোনটি সহজে ল্যাগ করবে না বলে দাবি সংস্থার। ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ডুয়াল-সিম সাপোর্টযুক্ত এই ফোনটি অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেমে চলে এবং এতে কোনও থার্ড-পার্টি ব্লোটওয়্যার বা বিরক্তিকর বিজ্ঞাপন নেই বলে জানিয়েছে লাভা। ক্যামেরার ক্ষেত্রে ফোনের পিছনের বাঁ-দিকে স্কয়ার মডিউলে রয়েছে ১৩ মেগাপিক্সেলের সিঙ্গল রিয়ার ক্যামেরা ও এলইডি ফ্ল্যাশ। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে রয়েছে ৫ মেগাপিক্সেল ক্যামেরা। নিরাপত্তার জন্য সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ও ফেস আনলক সুবিধা যুক্ত করা হয়েছে। এছাড়াও এক বছরের ওয়ারেন্টি এবং দুই বছরের সিকিউরিটি প্যাচ আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে লাভা।