ঢাকা-খুলনা মহাসড়কে ৩৬ ঘণ্টা পর ফিরল বাস! নাশকতা ও সংঘর্ষে মৃতের সংখ্যা বেড়ে কত?

পদ্মাপাড়ে নিভছে না আগুন। বাংলাদেশে আওয়ামী লীগের লকডাউন ঘিরে হিংসা অব্যাহত রয়েছে। ১৬ জেলা থেকে নাশকতার খবর মিলেছে। গোপালগঞ্জে উত্তেজনার পরিস্থিতির কারণে গত বুধবার সন্ধ্যা থেকে বন্ধ ছিল ঢাকা-খুলনা সড়কে যান চলাচল। আজ, ৩৬ ঘণ্টা কাটিয়ে ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং শুক্রবার সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।
হাসিনার দেশে ফেরার আগে আওয়ামী লীগ দেশজুড়ে লকডাউনের ডাক দিয়েছিল। এই ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশে তীব্র উত্তেজনা ও হিংসা ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন প্রান্তে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর এবং রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘটে। অন্তত ১৬টি জেলায় নাশকতার খবর পাওয়া যাচ্ছে।
বৃহস্পতিবার রাত থেকে পটুয়াখালী, নারায়ণগঞ্জ, গাজীপুর, নাটোর ও বরিশালসহ বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পটুয়াখালীর কলাপাড়া বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণের পাশাপাশি জেলা আওয়ামী লীগ সভাপতি কাজী আলমগীরের বাড়িতে আগুন লাগানো হয় বলে খবর।পাশাপাশি গাজীপুরের ভুরুলিয়ায় শুক্রবার ভোরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপ করা হয়। আজ ভোররাত ৩টা নাগাদ ভুরুলিয়া এলাকায় পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে পেট্রলবোমা ছোড়া হলে বৈদ্যুতিক সরঞ্জাম ও অন্যান্য সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়। ভোর ৫টা নাগাদ নাটোরের গুরুদাসপুরে দুটি দোকানেও আগুন ধরিয়ে দেওয়া হয়। বরিশালে প্রাক্তন সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের খবর মিলেছে।তবে ঢাকার পরিস্থিতি কিছুটা ভিন্ন। শুক্রবার সকালে রাজধানীতে গণপরিবহন ও যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে এবং অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। লকডাউনের প্রভাব রাজধানীর স্বাভাবিক জনজীবনে মিশ্র প্রভাব ফেলেছে বলে দাবি করা হচ্ছে।এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। সাতটি জেলায় মোট ৯১ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। পাশাপাশি আরও পাঁচ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে। ঢাকায় ২৪ ঘণ্টায় ৫৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ, যাঁদের মধ্যে নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১০৭ জন রয়েছেন।
গত কয়েক দিনের সংঘর্ষে বাংলাদেশে অন্তত চারজনের মৃত্যুর খবর সামনে এসেছে। সব মিলিয়ে লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা এবং নাশকতার ঘটনা বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উপর নতুন করে চাপ তৈরি করেছে।