উত্তাল সমুদ্র ও ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত জনজীবন! বিশেষ কন্ট্রোল রুম খুলে যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসন

ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ক্রমশ দুর্যোগপূর্ণ হয়ে উঠছে সুন্দরবনের উপকূলবর্তী এলাকা। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ওড়িশা উপকূলে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর সরাসরি প্রভাবে বাংলার উপকূলবর্তী এলাকাগুলিতে জারি করা হয়েছে লাল সতর্কতা। সকাল থেকেই সমুদ্র অত্যন্ত উত্তাল হয়ে উঠেছে এবং উপকূলবর্তী অঞ্চল জুড়ে বইছে তীব্র ঝোড়ো হাওয়া। সম্ভাব্য বড়সড় দুর্যোগের আশঙ্কায় দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন উপকূলবর্তী নামখানা, কাকদ্বীপ এবং সাগর এলাকায় খোলা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম। পরিস্থিতির উপর সর্বক্ষণ কড়া নজরদারি চালাচ্ছেন ব্লক প্রশাসনের আধিকারিকরা। পাশাপাশি উপকূলবর্তী একাধিক ব্লকে খোলা হয়েছে ত্রাণ শিবির।

যে কোনও জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। বিশেষ নজরদারি চালানো হচ্ছে দুর্বল মাটির নদীবাঁধগুলির উপরেও। নদীর জলস্তর বৃদ্ধি কিংবা প্রবল জলোচ্ছ্বাসের কারণে যাতে বাঁধ ভেঙে নতুন করে বিপর্যয় না ঘটে, সেদিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে প্রশাসন। পর্যটকদের নিরাপত্তার কথা মাথায় রেখে সুন্দরবন উপকূলের বিভিন্ন পর্যটনকেন্দ্র থেকে পর্যটকদের নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে এবং সমুদ্রে স্নানের উপরে জারি করা হয়েছে কড়া নিষেধাজ্ঞা। প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা হচ্ছে। বিশেষ করে গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের নিরাপত্তার উপর বাড়তি জোর দেওয়া হয়েছে। দুর্যোগের আশঙ্কায় গঙ্গাসাগর থেকে পুণ্যার্থীদের দ্রুত বাড়ি ফেরানোর ব্যবস্থাও করা হয়েছে। কপিলমুনির মন্দির চত্বরে প্রশাসনের তরফে পুণ্যার্থীদের নিরাপদে বাড়ি ফেরার জন্য বিশেষ পরিবহণ ও নজরদারির ব্যবস্থা নেওয়া হচ্ছে।

টানা বৃষ্টিতে ব্যাপক চাষের ক্ষতি

অন্যদিকে, একটানা ভারী বৃষ্টির জেরে চরম ক্ষতির মুখে পড়েছেন উপকূলবর্তী এলাকার কৃষকরা। ধান চাষ থেকে শুরু করে নানা ধরনের শীতকালীন ফসল, একাধিক কৃষিজমিতে বড়সড় ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। জমিতে দীর্ঘক্ষণ জল জমে থাকায় গাছের গোড়া পচতে শুরু করেছে। এর ফলে দ্রুত নষ্ট হচ্ছে ফসল। ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাস হলে কৃষিজমির আরও ভয়াবহ ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন চাষিরা। এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করে কৃষক বাবলু দোলুই বলেন, “একটানা বৃষ্টির কারণে ধান থেকে শুরু করে শীতকালীন ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। জমিতে জল জমে থাকায় ফসল নষ্ট হচ্ছে। তার উপর জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে। সব মিলিয়ে আমরা চরম দুশ্চিন্তায় রয়েছি। ফসলের ক্ষতি হলে কীভাবে সংসার চলবে, তা নিয়ে গভীর চিন্তায় পড়েছি। এখন সরকারের কাছে ক্ষতিপূরণ এবং আর্থিক সাহায্যের দিকে তাকিয়ে রয়েছি।”

ফসলের ক্ষতিতে পঞ্চায়েত মন্ত্রীর বক্তব্য

এদিকে, ঘূর্ণিঝড় মোকাবিলা এবং কৃষকদের ক্ষয়ক্ষতি নিয়ে মুখ খুলেছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। তিনি জানান, সাধারণত নভেম্বর মাসের দিকে বাংলায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা থাকে। কিন্তু বিগত সরকার এ ধরনের পরিস্থিতি মোকাবিলায় কোনও সুসংগঠিত পরিকল্পনা করে রাখেনি। ওড়িশায় যেভাবে আগাম পরিকল্পনা করে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেভাবে প্রস্তুতি থাকা অত্যন্ত প্রয়োজন। একটানা বৃষ্টির কারণে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে এবং শীতকালীন ফসলও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। এর জেরে বাজারে শীতের সবজির দাম বাড়ার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি। কৃষকদের ক্ষতি হলে সরকার উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করবে বলে আশ্বাস দিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী। সব মিলিয়ে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে তীব্র আশঙ্কায় দিন কাটাচ্ছেন সুন্দরবন উপকূলের বাসিন্দারা। উত্তাল সমুদ্র, ঝোড়ো হাওয়া এবং লাগাতার বৃষ্টির মধ্যে প্রশাসনের তরফে চলছে নিরবচ্ছিন্ন সতর্কতামূলক ব্যবস্থা।