‘মরতে হলে নিজের দেশেই মরব’—গ্রেফতারি ও মৃত্যুদণ্ডের ঝুঁকি উপেক্ষা করেই ডিসেম্বরে দেশে ফিরতে চান শেখ হাসিনা!

দেশে ফেরার জন্য মরিয়া হয়ে উঠেছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চেয়ে বৃহস্পতিবার ফের বাংলাদেশ সরকারকে চিঠি পাঠিয়েছেন তিনি। বাংলাদেশের বর্তমান তারেক রহমান সরকারের তরফে এখনও পর্যন্ত তাঁকে দেশে ফেরার কোনও অনুমতি দেওয়া হয়নি বলে খবর। সূত্রের দাবি, এর আগে গত ৯ নভেম্বর নয়াদিল্লিস্থ বাংলাদেশ দূতাবাসে প্রথম চিঠিটি পাঠানো হয়েছিল। কিন্তু ঢাকার তরফ থেকে সেই চিঠির কোনও সরকারি জবাব এখনও না মেলায় দ্বিতীয় বার চিঠি পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দ্বিতীয় চিঠিতে শেখ হাসিনা পুরো বিষয়টি ‘জরুরি ভিত্তিতে’ বিবেচনা করার আর্জি জানিয়েছেন এবং নতুন সরকারের কাছে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র—দু’টি নথিই চেয়েছেন। সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ব্রিটেনের আইনজীবীর মাধ্যমে ঢাকার সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন হাসিনা। লন্ডনের ম্যাট্রিক্স চেম্বারের আইনজীবী স্টিভেন পাওয়েলস তাঁর হয়ে এই আইনি প্রক্রিয়া চালাচ্ছেন। জানা গিয়েছে, পাওয়েলস সত্যিই শেখ হাসিনার বৈধ প্রতিনিধি কি না, তার প্রমাণ দেখতে চেয়েছিল ঢাকা। সেই কারণে দ্বিতীয় চিঠির সঙ্গে প্রতিনিধিত্বের প্রয়োজনীয় বৈধ নথিপত্রও জুড়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের অগস্ট মাসে প্রবল গণবিক্ষোভের চাপে বাংলাদেশ ছেড়েছিলেন শেখ হাসিনা এবং তারপর থেকে তিনি ভারতেই অবস্থান করছেন। সম্প্রতি আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা ঘোষণা করেছেন তিনি। যেহেতু মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আগেই তাঁর পাসপোর্ট বাতিল করেছিল, তাই দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট অত্যন্ত প্রয়োজনীয় হয়ে পড়েছে। অন্যদিকে, ঢাকার একাধিক প্রতিনিধি সংবাদমাধ্যমে জানিয়েছেন যে হাসিনাকে পাসপোর্ট দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না, যদিও পাঠানো চিঠির আনুষ্ঠানিক উত্তর এখনও দেওয়া হয়নি।
এদিকে, বাংলাদেশে ফিরলে শেখ হাসিনার সামনে কঠোর আইনি পরিণতি অপেক্ষা করছে বলে উল্লেখ করা হয়েছে। মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল তাঁকে মৃত্যুদণ্ডের সাজা দিয়েছে এবং দেশে ফিরলে তাঁকে গ্রেফতার করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হচ্ছে। এই প্রসঙ্গে রায়দানকারী বিচারক মহম্মদ আমিনুল ইসলাম জানিয়েছেন, দেশে ফিরলে হাসিনাকে মৃত্যুদণ্ডের মুখোমুখি হতেই হবে, কারণ আপিল করার নির্ধারিত সময়সীমা ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে এবং সাজা কার্যকর করা ছাড়া আর কোনও বিকল্প নেই। তবে শেখ হাসিনার দাবি, যে কোনও মূল্যে তিনি দেশে ফিরতে চান; গ্রেফতারি বা মৃত্যুভয়ে তাঁর সিদ্ধান্ত বদলাবে না এবং মরতে হলে তিনি নিজের দেশের মাটিতেই মরবেন বলে জানিয়েছেন।