লকডাউনের জেরে উত্তাল বাংলাদেশ! চার প্রাণহানি ও নাশকতার মাঝে কী অবস্থায় রাজধানী ঢাকা?

আওয়ামি লিগের ডাকা লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশে তীব্র অস্থিরতা ও হিংসার ঘটনা অব্যাহত রয়েছে। দেশজুড়ে অন্তত ১৬টি জেলায় নাশকতার খবর সামনে এসেছে। গোপালগঞ্জে উত্তেজনার জেরে গত বুধবার সন্ধ্যা থেকে ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও ৩৬ ঘণ্টা পর পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে এবং শুক্রবার সকাল থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুক্রবার সকাল পর্যন্ত পটুয়াখালী, নারায়ণগঞ্জ, গাজীপুর, নাটোর ও বরিশালসহ বিভিন্ন এলাকায় অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ, গাড়ি ভাঙচুর ও রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। পটুয়াখালীর কলাপাড়া বাসস্ট্যান্ডে ককটেল বিস্ফোরণের পাশাপাশি জেলা আওয়ামি লিগ সভাপতি কাজী আলমগীরের বাড়িতে আগুন লাগানোর খবর মিলেছে। শুক্রবার ভোরে গাজীপুরের ভুরুলিয়ায় পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্রে পেট্রলবোমা নিক্ষেপ করা হলে বৈদ্যুতিক সরঞ্জাম ক্ষতিগ্রস্ত হয়। ভোর ৫টার দিকে নাটোরের গুরুদাসপুরে দুটি দোকানে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং বরিশালে প্রাক্তন সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল আহসানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।অন্যদিকে, শুক্রবার সকালে ঢাকা শহরে গণপরিবহন ও যান চলাচল কিছুটা স্বাভাবিক রয়েছে; অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানও খুলেছে, যদিও লকডাউনের মিশ্র প্রভাব জনজীবনে পড়েছে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সাতটি জেলায় ৯১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে এবং আরও পাঁচ প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫৩৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ, যাঁদের মধ্যে নিষিদ্ধ আওয়ামি লিগ ও সহযোগী সংগঠনের ১০৭ জন রয়েছেন। সাম্প্রতিক সংঘর্ষে অন্তত চারজনের মৃত্যুর খবরে উদ্বেগ আরও বেড়েছে।