নিজের উপর নিয়ন্ত্রণ করুন’—মদনকে কড়া জবাব রাহুল সিনহার! কী বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)-কে বদনাম করার ষড়যন্ত্র চলছে এবং তার পেছনে বিজেপির একাংশের হাত রয়েছে—এমনই বিস্ফোরক দাবি করলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র (Madan Mitra)। তাঁর এই মন্তব্য ঘিরে নতুন করে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। বিজেপির ঠিক কাদের দিকে মদন আঙুল তুলতে চাইছেন, তা নিয়েও জোর জল্পনা তৈরি হয়েছে।

কী বলেছেন মদন মিত্র?শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে কামারহাটির বিধায়ক বলেন, “ব্যাপক হারে বাংলায় শুভেন্দুবাবুকে বদনাম করার চেষ্টা চলছে। আমার তো দেখে যা মনে হচ্ছে তাঁর পার্টির লোক। তাঁর পার্টির লোক তাঁদের নেতা সকালে যা বলছেন, দুপুর গড়াবার আগেই তাঁর বিরুদ্ধে তাঁরা করছেন। পার্টির প্রতি কোনও নিয়ন্ত্রণ রয়েছে বলে আমার মনে হচ্ছে না। স্বাভাবিকভাবে পার্টির উপর যদি নিয়ন্ত্রণ না থাকে, পার্টির লোক যদি শুভেন্দুবাবুর কথা শুনে, সেইমতো কাজ না করেন, তাহলে আমায় ধরে নিতে হবে, পার্টি করছে। বলছেন থেকেই করছে। অন্য কোথায়? এটা একটা ষড়যন্ত্র।”

বিজেপির কড়া প্রতিক্রিয়ামদন মিত্রের এই দাবির পাল্টা জবাব দিয়েছেন বিজেপি সাংসদ রাহুল সিনহা। তিনি বলেন, “যা নিয়ন্ত্রণ, তা নিজের উপর করুন। যার নিজের উপর কোনও চরিত্র নেই, শুধুমাত্র ছবি তোলার জন্য যা খুশি করতে পারেন। এইসব লোকের কোনও জাত আছে?” পাশাপাশি বিজেপির একাংশের তরফে প্রশ্ন তোলা হয়েছে, কারা এমন করছে এবং কারা করছে না, তা স্পষ্ট করে বলুন মদন মিত্র।

মদনকে গুরুত্ব দিতে নারাজ কল্যাণঅন্যদিকে, মদন মিত্রের মন্তব্যকে খুব একটা গুরুত্ব দিতে চাননি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, মদন মিত্রের কথায় তো খুব একটা গুরুত্ব নেই; এত বছর বয়সেও গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব হতে পারলেন না তিনি। কল্যাণের প্রশ্ন, মুখ্যমন্ত্রীর জন্য ওঁর এত উথলে ওঠার কী রয়েছে? সব মিলিয়ে মদন মিত্রের মন্তব্যকে কেন্দ্র করে শাসক ও বিরোধী শিবিরের তরফে পাল্টাপাল্টি বাকযুদ্ধে সরগরম বাংলার রাজনৈতিক মহল।