মধ্যরাতে ‘দরজা খুলুন, থানা থেকে এসেছি!’ শামিম আহমেদের বাড়িতে হানা পুলিশ ও সিআইডি-র

তৃণমূল বিধায়ক শামিম আহমেদের বাড়িতে মধ্যরাতে যৌথ অভিযান চালাল পুলিশ ও সিআইডি (CID)। মগরাহাট পশ্চিমের বিধায়কের খোঁজে এই তল্লাশি অভিযান চালানো হয় বলে সূত্রের খবর। ডায়মন্ড হারবারে বিধায়কের বাড়িতে দীর্ঘক্ষণ দরজায় ধাক্কাধাক্কি করেও কারও দেখা মেলেনি বলে দাবি করা হয়েছে। সম্প্রতি ডায়মন্ড হারবারের সরিষা এলাকায় তৃণমূল সংক্রান্ত নগদ টাকা উদ্ধারের ঘটনায় শামিম আহমেদের নাম জড়িয়েছে। তবে পুরো বিষয়টিই সাজানো বলে পুলিশের বিরুদ্ধে তীব্র তোপ দেগেছেন ওই তৃণমূল বিধায়ক।

এই ঘটনার প্রেক্ষিতে পরিবার সূত্রে একটি ভিডিয়ো ফুটেজ সামনে এসেছে। ওই ফুটেজে দেখা যাচ্ছে, পুলিশ আধিকারিকরা বিধায়কের বাড়ির দরজায় কড়া নাড়ছেন এবং বারবার বলছেন, “দরজাটা খুলুন..”। এরপর ফের কড়া নেড়ে তাঁরা বলেন, “আরে দরজাটা খুলুন না…খুলুন থানা থেকে এসেছি।” পাশাপাশি “কেউ আছেন…থানা থেকে এসেছি আমরা”—এমন কথাও বলতে শোনা যায় ওই ভিডিয়োতে।

উল্লেখ্য, সম্প্রতি ডায়মন্ড হারবারের সরিষা থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে তদন্তকারীরা এই বিষয়ে তথ্য পান এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই টাকা উদ্ধার হয়েছিল। যে পার্টি অফিস থেকে ওই টাকা উদ্ধার হয়েছে, সেটি শামিম আহমেদের বলে খবর রয়েছে। সেই তদন্তের সূত্র ধরেই মধ্যরাতে বিধায়কের বাড়িতে হানা দেয় পুলিশ ও সিআইডি। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া না মিললেও, পরিবার সূত্রে জানা গিয়েছে যে শামিম আহমেদের বাবা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছেন।

অন্যদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও চরমে উঠেছে। মমতা তৃণমূলের মুখপাত্র প্রদীপ্ত মুখোপাধ্যায় বলেন, যাঁরা এতদিন শাসকের আইন চলছে বলে অভিযোগ তুলতেন, আজ তাঁরাই দেখছেন শাসকের আইন চলছে। প্রদীপ্তর দাবি, শামিম যতদিন ঋতব্রত শিবিরে ছিলেন ততদিন ঠিক ছিলেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলে যোগ দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার পরই, যে পার্টি অফিস আগেই মালিককে ফিরিয়ে দেওয়া হয়েছিল, সেখান থেকে নাকি ১ কোটি টাকা উদ্ধারের দাবি সামনে এল।