উত্তরবঙ্গ সফরে বড় সিদ্ধান্ত! হস্টেল পরিদর্শনে গিয়ে সরকারি অর্থের অপচয় রুখতে কড়া বার্তা শুভেন্দুর

উত্তরবঙ্গ সফরে গিয়ে আলিপুরদুয়ারে বড় ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। লোকনাথপুর আশ্রমের আদিবাসী ছাত্রীদের হস্টেলে খাবারের অনুদান ১,৫০০ টাকা বাড়ানোর ঘোষণা করেছেন তিনি। পাশাপাশি হস্টেল পরিদর্শন করে কর্তৃপক্ষকে সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়ে কড়া সতর্কবার্তাও দিয়েছেন শুভেন্দু অধিকারী।

আলিপুরদুয়ার সফরের সময় লোকনাথপুর আশ্রমের হস্টেলে গিয়ে আবাসিক ছাত্রীদের সঙ্গে কথা বলেন এবং তাদের থাকা-খাওয়া ও সুযোগ-সুবিধার খোঁজখবর নেন তিনি। ছাত্রীদের পুষ্টিকর খাবারের বিষয়টিকে গুরুত্ব দিয়েই মাসিক খাদ্য অনুদান ১,৫০০ টাকা বাড়ানোর সিদ্ধান্তের কথা জানান তিনি। হস্টেলের আবাসিকদের উদ্দেশে তাঁর স্পষ্ট বার্তা, সরকার যে অর্থ বরাদ্দ করছে, ছাত্রীরা যেন তা সঠিকভাবে পায় এবং নিজেদের অধিকার বিষয়েও যেন তারা সচেতন থাকে।

পরিদর্শন চলাকালীন খাবারের মান, পরিচ্ছন্নতা এবং হস্টেলের সার্বিক পরিবেশ খতিয়ে দেখেন শুভেন্দু অধিকারী। বর্ধিত অনুদানের অর্থ যেন সম্পূর্ণরূপে ছাত্রীদের কল্যাণে ও পুষ্টিকর খাবারের পেছনে ব্যয় হয়, সে বিষয়ে ওয়ার্ডেন, শিক্ষিকা ও হস্টেল কর্তৃপক্ষকে সতর্ক করেন তিনি। খাবারের মান বা পরিষেবায় কোনো ধরনের গাফিলতি বা অনিয়ম হলে তা বরদাস্ত করা হবে না বলেও কড়া হুঁশিয়ারি দেন তিনি। একইসঙ্গে অভিভাবক ও পড়ুয়াদেরও যেকোনো ত্রুটি বা অবহেলার বিষয়ে সরব হওয়ার পরামর্শ দিয়েছেন শুভেন্দু অধিকারী।