পাহাড়ে বেড়াতে গিয়ে চরম বিপর্যয়! বাঙুর থেকে চার্নক—শেষরক্ষা হল না নিকিতা সাহার

পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হওয়া তরুণী নিকিতা সাহা অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। আজ ভোরে কলকাতার চার্নক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। হনিমুনে দার্জিলিংয়ের সিটংয়ে গিয়ে গত ১৩ সেপ্টেম্বর রাতে বারবিকিউ চলাকালীন ভয়াবহ অগ্নিকাণ্ডে গুরুতর দগ্ধ হয়েছিলেন নিকিতা।
ওই দুর্ঘটনায় নিকিতার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়। ঘটনার পর প্রথমে তাঁকে শিলিগুড়ির একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল। শারীরিক অবস্থার গুরুত্ব বুঝে পরবর্তীতে তাঁকে কলকাতায় নিয়ে আসা হয় এবং বাঙুর হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ সময় সেখানে তাঁর চিকিৎসা চলে।
পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, চিকিৎসা চলাকালীন চার দিন আগে নিকিতার শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। অবস্থার সঙ্কটজনক রূপ নেওয়ায় তখনই তাঁকে চার্নক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছিল। চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও আজ ভোরে সেখানেই মৃত্যু হয় তাঁর। হনিমুনের আনন্দযাত্রায় এমন মর্মান্তিক পরিণতিতে শোকের ছায়া নেমে এসেছে সংশ্লিষ্ট মহলে।