মধুচন্দ্রিমায় গিয়ে চরম বিপর্যয়! দাহ্য রাসায়নিকের ছোবলে পুড়ে ছারখার, প্রয়াত নববধূ নিকিতা সাহা

শত চেষ্টাতেও শেষরক্ষা হল না। দীর্ঘ ৬৮ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন নববধূ নিকিতা সাহা। দার্জিলিংয়ের সিটংয়ে মধুচন্দ্রিমায় গিয়ে এক মর্মান্তিক দুর্ঘটনার শিকার হয়েছিলেন উত্তর দিনাজপুরের চোপড়ার বাসিন্দা এই তরুণী। বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এই ভয়াবহ দুর্ঘটনায় নিকিতার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল। গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে প্রথমে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার গুরুত্ব বুঝে পরবর্তীতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসা হয়। প্রায় দুই মাস ধরে একাধিক চিকিৎসকের তত্ত্বাবধানে চলছিল তাঁর চিকিৎসা। মৃত্যুর সঙ্গে নিরন্তর লড়াই চালিয়ে গেলেও শেষ পর্যন্ত জীবনযুদ্ধে পরাস্ত হলেন নিকিতা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, কলকাতায় চিকিৎসা চলাকালীন হঠাৎই নিকিতার শারীরিক অবস্থার অবনতি ঘটতে শুরু করে। চারদিন আগে অবস্থার আরও সঙ্কটজনক রূপ নিলে তাঁকে নিকটবর্তী অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিন্তু চিকিৎসকদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও বৃহস্পতিবার ভোরে থেমে গেল সেই দীর্ঘ লড়াই।

উল্লেখ্য, গত ১৩ সেপ্টেম্বর দার্জিলিং জেলার অন্তর্গত সিটংয়ে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন নিকিতা সাহা। সেখানে একটি হোমস্টেতে রাতে বারবিকিউ করার সময় আচমকাই আগুন ছড়িয়ে পড়ে এবং তাতে গুরুতর অগ্নিদগ্ধ হন তিনি। অভিযোগ অনুযায়ী, সেদিন বৃষ্টির আবহাওয়ার মধ্যেই হোমস্টেতে ক্যাম্পফায়ার ও বারবিকিউয়ের আয়োজন চলছিল। সেই সময় আগুনের শিখা কিছুটা স্তিমিত হয়ে আসায় তা বাড়ানোর চেষ্টা করা হয়। অভিযোগ উঠেছে, সেই মুহূর্তে হোমস্টের কোনো কর্মী কিংবা উপস্থিত অন্য কারও মাধ্যমে কেরোসিন ভেবে অত্যন্ত দাহ্য তরল রাসায়নিক আগুনে ঢেলে দেওয়া হয়।

মুহূর্তের মধ্যেই সেই দাহ্য পদার্থের কারণে আগুনের শিখা ভয়াবহ ও নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। চোখের পলকে নববধূ নিকিতার শরীরে আগুন ধরে যায় এবং শরীরের প্রায় ৬০ শতাংশ অংশ ঝলসে যায়। ঘটনার পর থেকেই শুরু হয় জীবন বাঁচানোর আপ্রাণ চেষ্টা। দীর্ঘ ৬৮ দিন ধরে চলে প্রাণপণ লড়াই ও চিকিৎসা। কিন্তু শেষ পর্যন্ত সব আশায় জল ঢেলে বৃহস্পতিবার ভোর ৪টে নাগাদ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন নিকিতা সাহা। মধুচন্দ্রিমার আনন্দ মুহূর্তে বিষাদে পরিণত হওয়ার এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার ও পরিজনদের মধ্যে।